সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় অব্যাহত মোটরসাইকেল চুরি এবং চিহ্নিত চোর শনাক্ত হওয়ার পরও পুলিশের রহস্যজনক নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তীব্র গণক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রশাসনের উদাসীনতার প্রতিবাদে ১ মার্চ রবিবার সকালে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ‘শাল্লা উপজেলা মোটরসাইকেল সমিতি’। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৩নং বাহাড়া ইউনিয়নের হবিবপুর নতুনহাটি গ্রাম থেকে ফয়ছল মিয়া নামের এক চিহ্নিত চোর একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এই চুরির ঘটনায় থানায় সুনির্দিষ্ট তথ্যসহ অভিযোগ করা হলেও দীর্ঘ সময় পার হয়ে গেছে। কিন্তু পুলিশ এখন পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার বা চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধারে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে।
প্রশাসনের এই রহস্যজনক নীরবতায় ক্ষুব্ধ হয়ে আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছেন স্থানীয় মোটরসাইকেল চালক ও মালিকরা। সংগঠনের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সেকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় বক্তারা প্রশাসনের তীব্র সমালোচনা করেন। বক্তারা বলেন, ফয়ছল মিয়া একজন নামডাকা চোর হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পুলিশের পেশাদারিত্বকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলেছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি, অথচ অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ সংগ্রাম দাস ও সাগর দাস, পান্ডব রায়, মোটরসাইকেল সমিতির সেক্রেটারি শাহিন আলম, মামুন মিয়া, মোবারক মিয়া এবং ভিধু দাস। বক্তারা আরও অভিযোগ করেন যে, প্রশাসনের এমন ঢিলেঢালা ভাব অপরাধীদের আরও বড় অপরাধ করতে উৎসাহিত করছে। তারা অবিলম্বে ফয়ছল মিয়াকে গ্রেপ্তার এবং চুরি হওয়া সম্পদ উদ্ধারের দাবি জানান।
অন্যথায়, আগামীতে উপজেলা ঘেরাও বা কর্মবিরতির মতো আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এ বিষয়ে জানতে চাইলে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবউজ্জামান বলেন, নির্বাচনের আগে মোটরসাইকেল সমিতির লোকজন মৌখিকভাবে বিষয়টি জানিয়েছিল। তখন ডিউটি অফিসারকে বিষয়টি দেখার জন্য বলা হয়েছিল। তবে আমরা যদি এখন লিখিত অভিযোগ পাই, তবে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে ভুক্তভোগীদের দাবি, তারা শুরু থেকেই আইনি প্রক্রিয়ায় সহযোগিতা চেয়ে আসছেন, কিন্তু পুলিশের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। এলাকার সাধারণ মানুষ এখন চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ও এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।


