আন্তর্জাতিক ডেস্ক
ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৫০ জন নিখোঁজ হয়েছেন। এদের মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। দ্বীপটি তবরুক শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার পশ্চিমে এবং মিসর সীমান্তের কাছাকাছি অবস্থিত।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে পূর্ব লিবিয়ার উপকূলীয় শহর তোব্রুক থেকে ৬০ যাত্রী নিয়ে ইতালির উদ্দেশ্যে রওনা হওয়া একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা কিছুদূর যাওয়ার পর দুর্ঘটনার কবলে পড়ে।কোস্টগার্ড কর্মকর্তারা জানান, নৌকাটি ডুবে যাওয়ার পর বেশিরভাগ যাত্রী সাগরের স্রোতে ভেসে যান।
তবে মাত্র ১০ যাত্রী সাঁতরে নিকটবর্তী বারদা দ্বীপে পৌঁছাতে সক্ষম হন, যাদের পরবর্তীতে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ যাত্রীরা দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দারিদ্র্যপীড়িত বিভিন্ন দেশের নাগরিক বলে জানা গেছে।


