নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতিকে দেশের প্রধান বিচারপতি শপথ পাঠ করানো সংক্রান্ত বাহাত্তরের সংবিধানের বিধান পুনর্বহাল ও প্রধান বিচারপতির পরিবর্তে স্পিকারের শপথ পড়ানো সংক্রান্ত পঞ্চদশ সংশোধনীর বিধান প্রশ্নে জারি করা রুলের চূড়ান্ত শুনানির জন্য আগামী ৭ জুলাই দিন ঠিক করেছেন হাইকোর্ট।
বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী ফাতেমা-তুজ-জোহরা।
তিনি বলেন, এ সংক্রান্ত বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানির জন্য উপস্থাপন করা হলে সোমবার (২৩ জুন) হাইকোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই দিন ঠিক করে আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, সঙ্গে ছিলেন আইনজীবী ফাতেমা-তুজ-জোহরা।
এর আগে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির পরিবর্তে স্পিকারের শপথ পড়ানো সংক্রান্ত পঞ্চদশ সংশোধনীর বিধান প্রশ্নে রুল জারি করেছিলেন হাইকোর্ট।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ১১ মার্চ হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল দেন।
রাষ্ট্রপতিকে দেশের প্রধান বিচারপতি শপথ পাঠ করানো–সংক্রান্ত বাহাত্তরের সংবিধানের বিধান পুনর্বহালে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে গত ১০ মার্চ গীতি কবি শহীদুল্লাহ ফরায়জী রিটটি করেন। আইন সচিব, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বিবাদী করা হয়েছে এ রিটে।


