মেহেরপুরে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

জেলা প্রতিনিধি

হাড় কাঁপানো শীত ও উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে মেহেরপুর জেলার জনজীবন। টানা শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা ও কম তাপমাত্রার কারণে স্বাভাবিক জীবনযাত্রা কার্যত স্থবির হয়ে পড়েছে। চলতি শীত মৌসুমে জেলা ও দেশের মধ্যে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই জেলায়।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, বুধবার (আজ) সকাল ৬টায় মেহেরপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ, যা শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে।

সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় শীত অনুভূত হচ্ছে মারাত্মকভাবে। সঙ্গে রয়েছে উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশা। অনেক সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরতে দেখা যাচ্ছে।

তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। দিনমজুর, ভ্যানচালক, রিকশাচালক ও পথচারীরা জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই বাইরে বের হতে বাধ্য হচ্ছেন। অনেকেই শীত থেকে বাঁচতে খড়-কাঠ জ্বালিয়ে আগুন পোহানোর চেষ্টা করছেন, যা ঝুঁকিপূর্ণও হয়ে উঠছে।

দিনমজুর শাহাজাহান আলী বলেন, শীতের কাপড় একাধিক স্তরে পরেও শরীর গরম থাকে না। কোনো অংশ খোলা থাকলেই হিম শীত লাগছে। কাজের খোঁজে সকাল থেকে বের হলেও শীতের কারণে কাজ পাওয়া যাচ্ছে না।

অন্যদিকে স্কুলগামী শিক্ষার্থী তাহমিদ জানায়, সকালে পানিতে হাত দেওয়া যায় না। বরফের মতো ঠান্ডা লাগে। পড়াশোনার জন্য বাইরে যাওয়া খুব কষ্টকর হয়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধতেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে
পরবর্তী নিবন্ধজকসু নির্বাচন: ৬ কেন্দ্রের ফলাফলে শীর্ষ তিন পদে এগিয়ে শিবির