ফরচুন শপিং মলে বোরকা পরে ৫০০ ভরি স্বর্ণ চুরি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মালিবাগে একটি শপিংমলে জুয়েলার্সের দোকান থেকে ৫০০ ভরি সোনা চুরির ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরায় দেখা গেছে, চোরচক্রের দুজন সদস্য বোরকা পরে জুয়েলারি দোকানটির তালা কেটে এই সোনা চুরি করছে।

বুধবার (৯ অক্টোবর) দিনগত রাতে মালিবাগের ফরচুন শপিংমলে দুর্ধর্ষ এ চুরির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে মালিবাগের ফরচুন শপিংমলের ‘শম্পা জুয়েলার্স’ নামের একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ এ চুরির ঘটনা ঘটে।

সিসি ক্যামেরায় দেখা গেছে, চোরচক্রের দুজন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে বিপুল সোনা চুরি করে।

শম্পা জুয়েলারির মালিক অচিন্ত কুমার বিশ্বাস বলেন, ‘দোকানে ৪০০ ভরির মতো সোনার জুয়েলারি সাজানো ছিল। এছাড়া ১০০ ভরির মতো বন্ধকি সোনা ছিল। একই সঙ্গে ৪০ হাজার টাকার মতো নগদ ছিল। চোরচক্র সবকিছু লুটে নিয়ে গেছে।’

তিনি বলেন, ‘প্রতিদিনের মতো বুধবার রাত ৯টায় আমি দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে মার্কেটের দারোয়ানের মাধ্যমে খবর পেয়ে এসে দেখি আমার দোকানে কিছু নেই।’

মালিবাগে বোরকা পরে এসে দোকানের তালা কেটে ৫০০ ভরি সোনা চুরি

এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেবেন বলেও জানান ভুক্তভোগী এ দোকান মালিক।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধবিরতির প্রথম পর্যায়ের পর গাজা পুনর্নির্মাণ হবে: ট্রাম্প
পরবর্তী নিবন্ধকূটনীতিকরা কার বাসায় বৈঠক করবেন সেটা নিয়ে বিএনপি চিন্তা করে না