বিশ্ববাজারে আবারও কমল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন এড়ানো যেতে পারে-এমন আশায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববাজারে তেলের দাম প্রায় ১ শতাংশ কমেছে। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো দরপতন হলেও ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম এখনো ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে রয়েছে।

ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ০১ ডলার বা ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৭৭ ডলারে নেমেছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ১ দশমিক ০৩ ডলার বা ১ শতাংশ কমে ১০০ দশমিক ৮৮ ডলারে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবারও দুই ধরনের তেলের দাম প্রায় ১ শতাংশ কমেছিল।
সৌদি আরব ওমানের সোহর বন্দরের কাছে জাহাজ থেকে জাহাজে স্থানান্তরের মাধ্যমে এশিয়ার ক্রেতাদের অতিরিক্ত তেল সরবরাহের উদ্যোগ নিয়েছে।

এতে হামলায় ক্ষতিগ্রস্ত ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ থাকলেও বিশ্ববাজারে সৌদি তেলের সরবরাহ পুরোপুরি ব্যাহত হওয়ার আশঙ্কা কিছুটা কমেছে।
গত সপ্তাহের হামলায় সৌদির গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের তিনটি পাম্পিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই পাইপলাইন দিয়ে প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ লাখ ব্যারেল তেল লোহিত সাগরের ইয়ানবু বন্দরে নেওয়া হতো, যা বৈশ্বিক সরবরাহের প্রায় ৪ থেকে ৫ শতাংশের সমান।
পাইপলাইনটি পুরোপুরি মেরামতে কত সময় লাগবে তা এখনো পরিষ্কার নয়। তবে কয়েক দিনের মধ্যে আংশিক সক্ষমতা ফিরিয়ে আনার চেষ্টা করছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটও কয়েক দিনের মধ্যে তেল প্রবাহ শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছেন।

সূত্র: আল-জাজিরা

পূর্ববর্তী নিবন্ধডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি
পরবর্তী নিবন্ধহুতিদের নিয়ন্ত্রণে চীনের সহায়তা চায় সৌদি