বিদেশিদের অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়: এনবিআর

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের আয়কর বিবরণী বা রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (১১ আগস্ট) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা বিশেষ আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে চার শ্রেণির ব্যক্তি ছাড়া সবার জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করে সরকার। ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধন করেন।

উদ্বোধনের দিনেই অনলাইনে ই-রিটার্ন দাখিলে করদাতারা ব্যাপক সাড়া দিয়ে ১০ হাজার ২০২ জন আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করেছেন।

এনবিআর জানায়, গত বছর ৯ সেপ্টেম্বর ২০২৪ অনলাইন রিটার্ন দাখিল শুরু হলে প্রথম দিনে ২ হাজার ৩৪৪ জন করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছিলেন। সে হিসেবে ২০২৫-২৬ কর বছরের ই-রিটার্ন দাখিল শুরুর দিনে রিটার্ন দাখিলের সংখ্যা প্রায় ৫ গুণ।

গত অর্থবছরে প্রায় ১৭ লাখ মানুষ অনলাইনে রিটার্ন জমা দিয়েছিল

৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা অথবা মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি ব্যতীত সারাদেশের সব ব্যক্তি শ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

তবে কোনো ব্যক্তি করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত/যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে তিনি পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পের শুল্কের প্রতিবাদে মার্কিন পণ্য বয়কটের ডাক ভারতে
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংকে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপুর্তি উদযাপন ও দোয়া