জেলা প্রতিনিধি
বাগেরহাটের রামপালে খুলনা-মোংলা মহাসড়কে নৌবাহিনীর স্টাফবাহী বাস ও বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে বর, কনেসহ তিনজন নারী এবং তিনজন শিশুও রয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১৫ জন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার বেলাইব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মোংলা পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, তার স্ত্রী আঞ্জুমান বেগম, তার ছেলে সাব্বির (বর), কনে খুলনার কয়রা উপজেলার বাসিন্দা মার্জিয়া মিতু, কনের বোন লামিয়া, ইমরান, আল আমিন, মাইক্রোবাসের চালক নাঈম শেখের নাম পাওয়া গেছে।
জানা যায়, খুলনার কয়রায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে মোংলায় নিজেদের বাড়ি ফিরছিলেন মাইক্রোবাসের যাত্রীরা। আর মোংলা থেকে খুলনায় যাচ্ছিল নৌবাহিনীর বাসটি।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কেএম হাসানুজ্জামান বলেন, পথিমধ্যে বেলাইব্রিজ নামক স্থানে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নয়জনের লাশ নেওয়া হয়। সেখানে পরে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আর চারজনের লাশ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আহতদেরও উদ্ধার করে ওই দুই হাসপাতালে পাঠানো হয়েছে।
বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, মোংলা পৌরসভার বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে সাব্বিরের সঙ্গে কয়রার বাসিন্দা মার্জিয়া মিতুর বিয়ে হয়। বিয়ের পর কয়রা থেকে বর-কনেসহ ওই পরিবারের সদস্যরা মোংলার বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা নেীবাহিনীর একটি দ্রুতগামী স্টাফ বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে হতাহতের ঘটনা ঘটে। এদের মধ্যে রামপাল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চারজন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন মারা যান। এদিকে নৌবাহিনীর স্টাফ বাসের কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহেনাজ মোশাররফ বলেন, সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে নয়জনের মরদেহ এসেছে। একজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন, তিনিও মারা গেছেন। নিহতদের মধ্যে তিনজন শিশু, তিনজন নারী আর তিনজন পুরুষ।
এছাড়া বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ও পুলিশ সুপার (এসপি) মো. হাসান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


