নিউজ ডেস্ক
ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় নদীতে মাছ ধরায় টানা ২২ দিনের নিষেধাজ্ঞা ছিল। গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি করে মৎস্য প্রশাসন।
আজ শনিবার (২৫ অক্টোবর) দিনগত রাত ১২টার পর উঠে যাচ্ছে সেই নিষেধাজ্ঞা। এর পর থেকে লক্ষ্মীপুর, চাঁদপুর ও বরগুনাসহ উপকূলের জেলেরা মেঘনা নদী ও সাগরে ইলিশ ধরতে নেমে পড়বেন।
এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। জাল এবং নৌকা মেরামত করে তারা প্রস্তুতি নিয়েছেন নদীতে নৌকা ভাসানোর জন্য।
লক্ষ্মীপুর সদরের মজুচৌধুরীর হাট এলাকার জেলে মো. হারুনুর রশিদ বলেন, আজ রাতে আমরা মাছ ধরতে নেমে পড়বো। আমাদের ট্রলারে ১০ জন মাঝিমাল্লা। আমরা গভীর সমুদ্রে মাছ ধরি।
তিনি বলেন, এ মৌসুমে নদী এবং সাগরে তেমন মাছ ছিল না। এখনো হয়তো তেমন মাছ নাও থাকতে পারে। তাই দুশ্চিন্তায় আছি। তারপরও মাছ ধরতে নামবো। সামনে শীত শুরু হলে নদীতে মাছের পরিমাণ একেবারেই কমে যাবে।
লক্ষ্মীপুরের কমলনগরের মতিরহাট ঘাটের মাছ ব্যবসায়ী আবদুল খালেক বলেন, মধ্যরাত থেকে মাছ ধরা শুরু হবে। রোববার সকাল থেকে ঘাটে মাছ বেচাবিক্রি শুরু হবে। সেজন্য ঘাটে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, রাতে মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। নিষেধাজ্ঞাকালীন নদীতে অভিযান চালানো হয়েছে।
এদিকে চাঁদপুরের জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকা জুড়ে মা ইলিশ ডিম ছাড়ার জন্য অভয়াশ্রম এলাকা ঘোষণা করা হয়। এসব এলাকায় নিবন্ধিত জেলে পরিবার হচ্ছে প্রায় ৪৫ হাজার ৬১৫। এসব জেলেদের নিষেধাজ্ঞার ২২ দিনের জন্য ২৫ কেজি করে খাদ্য সহায়তা হিসেবে চাল দিয়েছে সরকার।
ইব্রাহীমপুর ইউনিয়নের জেলে মফিজুল ইসলাম গাজী ও শওকত হোসেন বলেন, আগের তুলনায় জেলের সংখ্যা বেড়েছে। ফলে ইলিশ কম পাওয়া যায়। জ্বালানি খরচও বেশি, তাই ইলিশ কম পেলে লোকসান গুনতে হয়। তারপরেও ইলিশ প্রাকৃতিক সম্পদ পাওয়ার আশা নিয়ে নদীতে নামব।
লক্ষীপুর মডেল ইউনিয়নের রামদাসদী গ্রামের জেলে আকবর খান ও শামছুদ্দিন বলেন, গত ২২ দিন খুবই কষ্টের মধ্যে সংসার চলেছে তাদের। ২৫ কেজি চাল দিয়ে বর্তমান বাজারে কিছুই হয় না। এরই মধ্যে জাল ও নৌকা প্রস্তুত করেতে হয়েছে। নদীতে নেমে ইলিশ পেলে তবেই চলবে সংসার।
চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, জেলা ও উপজেলা টাস্কফোর্সের ২২ দিনের অভিযান কঠোর হয়েছে। যার ফলে ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পেরেছে। ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন হবে বলে আশা করা হচ্ছে।
অপরদিকে মা ইলিশ সংরক্ষণের সরকারি অভিযানের পর নতুন আশায় বুক বেঁধেছেন বরগুনার জেলেরা। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও নদী ও সমুদ্রে নামার প্রস্তুতি নিচ্ছেন বরগুনার জেলেরা। ইতোমধ্যেই সরগরম হয়ে উঠছে বরগুনার নদ-নদী, মাছঘাট, আড়ত ও মৎস্যবন্দরগুলো।
প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে নদী ও সমুদ্রে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুতের ওপর সরকার নিষেধাজ্ঞা জারি করেছিল। এ সময় জেলেদের বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয় এবং জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে।
নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এখন ঘাটে ঘাটে জেলেদের ব্যস্ত সময় কাটছে। জাল, ট্রলার ও নৌকা মেরামত করে মাছ ধরার সরঞ্জাম প্রস্তুত করেছেন তারা। কেউ কেউ নতুন জাল কিনেছেন।
তবে কাঙ্ক্ষিত মাছ পাওয়া নিয়ে কিছুটা শঙ্কায়ও রয়েছেন অনেকে। জলবায়ু পরিবর্তন, নদী ভাঙন, নাব্য সংকট ও মোহনায় স্রোত পরিবর্তনের কারণে ইলিশের স্বাভাবিক চলাচলে প্রভাব পড়ছে বলে মনে করছেন স্থানীয় জেলেরা।
মাছ ধরায় প্রস্তুত বেতাগী উপজেলার জেলে মনির মাঝি বলেন, প্রতি বছর নিষেধাজ্ঞা শেষে আমরা নদীতে নামি আশায় বুক বেঁধে। কিন্তু আগের মতো ইলিশ পাওয়া যায় না। নদীর ধারা বদলে গেছে, মাছও সরে যাচ্ছে দূরে।
আরেক জেলে রাজিব হোসেন বলেন, আমরা চাই সরকার যেন সমুদ্রে ট্রলিং বোট বন্ধ করে দেয়। কারণ এই ট্রলারগুলো ছোট জেলেদের ভাগের মাছ কেটে নেয়।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন বলেন, অবৈধ ট্রলিং বোট বন্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। বিদ্যমান আইনি জটিলতা দূর করতে সংশোধিত খসড়া আইন তৈরির কাজ চলছে। সরকারি সহায়তা ও অনুকূল আবহাওয়া পেলে এবারের মৌসুমে ইলিশ আহরণে ভালো ফলনের আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, জেলার ৩৭ হাজার ৯৯৫ নিবন্ধিত জেলে নিষেধাজ্ঞা চলাকালে সরকারি খাদ্য সহায়তা পেয়েছেন। এখন মধ্যরাতে তারা নতুন মৌসুমে নদীতে নামার অপেক্ষায়।


