আন্তর্জাতিক ডেস্ক
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে যোগ দিতে যাওয়ার আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে গুরুগ্রাম পুলিশ।
পুলিশের নির্দেশ অমান্য করে দিল্লি যাওয়ার চেষ্টা করায় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত শুক্রবার (৯ অক্টোবর) গুরুগ্রামের সেক্টর ৫৬-এর কেন্দ্রীয় বিহার আবাসিক এলাকায় ধ্রুব রাঠির বাসায় যায় পুলিশের একটি দল। হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, দিল্লিতে সিজেপির বিক্ষোভে যোগ দিতে তাকে যেতে নিষেধ করা হয়েছিল।
পুলিশের নির্দেশ অমান্য করে দিল্লি যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হবে বলে আগেই সতর্ক করেছিলেন গুরুগ্রাম পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
এদিকে, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ ঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। শনিবারের কর্মসূচি সামনে রেখে রাজধানীতে বিপুলসংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে ১৫ হাজারের বেশি পুলিশ সদস্য এবং কেন্দ্রীয় বাহিনীর প্রায় ২৬ হাজার সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে। তবে, পুলিশ এ বিক্ষোভের অনুমতি দেয়নি।


