ডেমরার একটি বাড়িতে বোমাসদৃশ বস্তুর সন্ধান

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ডেমরার নিঝুমবাগের একটি বাড়িতে বোমাসদৃশ দুটি বস্তুর সন্ধান পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ডিএমপির সিটিটিসি ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা উপস্থিত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা বিকেল ৫টায় খবর পাই। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেই। তারা ঘটনাস্থলে এসে কার্যক্রম চালাচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট একজন আটক আছেন। এর বেশিকিছু আপাতত বলতে পারছি না। আমাদের ঘটনাস্থল থেকে অনেক দূরে রাখা হয়েছে।

এদিকে কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটিটিসি) এক কর্মকর্তা জানান, এর আগে যাত্রাবাড়ীর জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনার আসামি ধরতে গিয়ে ওই বাড়িতে বোমাসদৃশ দুটি বস্তুর সন্ধান পাওয়া যায়। এ সময় জুয়েল নামে একজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, বোম্ব ডিসপোজাল ইউনিট বোমাসদৃশ একটি বস্তু নিষ্ক্রিয় করেছে। আরেকটি নিষ্ক্রিয়ের কাজ চলছে।

পূর্ববর্তী নিবন্ধআমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না : মিয়া গোলাম পরওয়ার
পরবর্তী নিবন্ধবিভ্রান্তকারীরা বিভ্রান্ত করতে এলে তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী