ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯

নিজস্ব প্রতিবেদক

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ কমছেই না। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর খবর আসছে। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে শত শত ডেঙ্গুরোগী। সারাদেশে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৩৯ জন ডেঙ্গুরোগী।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩২৩ জন এবং শনাক্ত রোগী বেড়ে ৮১ হাজার ৭৭৩ জনে দাঁড়িয়েছে।

বুধবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মারা যাওয়া ৫ জনের মধ্যে সিটি করপোরেশনের বাইরে খুলনা বিভাগে ২ জন, ঢাকা বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ১ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৫৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৯ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮২ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৬ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১০৫১ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৭৭ হাজার ৯৮৯ জন।

পূর্ববর্তী নিবন্ধআ. লীগের ঘোষিত লকডাউনের দিনে গণপরিবহন চলবে: মালিক সমিতি
পরবর্তী নিবন্ধসাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭