জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)। সন্ধ্যা ৬টার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তফসিল ঘোষণা করবেন।

বুধবার (১০ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, বৃহস্পতিবার ৩০০ আসনে তফসিল ঘোষণা করা হবে। সন্ধ্যা ৬টার পর প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণ দেবেন এবং তফসিল ঘোষণা করবেন।

তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাৎ করেছে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের প্রতিনিধিদল।

বুধবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে ভোটের অগ্রগতি তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অর্থবহ করতে ‘প্রয়োজনীয়’ সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এদিন ইসি সচিব বলেন, নির্বাচন-পূর্ব প্রস্তুতি এবং অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা ও অবহিত করার জন্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। রাষ্ট্রপতিকে প্রধান নির্বাচন কমিশনার যে বিষয়গুলো আপডেট করেছেন, তার মধ্যে একটি হচ্ছে ভোটার তালিকা।

‘জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট—এই দুটি বিষয় কীভাবে আমরা করবো, ব্যালট পেপারগুলো কীভাবে তৈরি করা হচ্ছে, এগুলোর রং কী হবে, ব্যালট পেপার কীভাবে একজন ভোটারকে দেওয়া হবে, ভোট গণনার পদ্ধতি কী হবে—এগুলো বিস্তারিত উনি (রাষ্ট্রপতি) জানতে চেয়েছেন। আমরা আমাদের দিক থেকে উনাকে বিস্তারিত জানানোর পর উনি সন্তোষ প্রকাশ করেছেন।’

আখতার আহমেদ বলেন, আমরা যে ভোটের সময় এক ঘণ্টা বাড়িয়েছি (সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত) এ সিদ্ধান্ত যৌক্তিক হয়েছে জানিয়ে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারি আজ
পরবর্তী নিবন্ধমধ্যরাতে বাংলাদেশ-ভারত-মিয়ানমারে ভূমিকম্প