ছাতকে নববধূ হত্যা না আত্মহত্যা : স্বামী গ্রেফতার

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) :সুনামগঞ্জের ছাতকে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার চরমহল্লা ইউনিয়নের বড় বিহাই গ্রামের স্বামীর বসত ঘর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার বাদ যোহর একই ইউনিয়নের নানকার গ্রামে তার দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।

জানা যায়, গেল ৩ এপ্রিল উপজেলার চরমহল্লা ইউনিয়নের নানকার গ্রামের মৃত আমিরুল ইসলামের কন্যা রোকশানা বেগমের বিয়ে হয় একই ইউনিয়নের বড় বিহাই গ্রামের সফর আলীর ছেলে দুবাই ফেরত আলী হোসেনের সাথে। বিয়ের পর থেকে স্বামী তার স্ত্রীকে মানসিক ভাবে কষ্ট দিয়ে আসছিল। বিয়েতে ফ্রিজ ও চুলা না দেওয়ায় স্ত্রীকে অপমান করতো তার স্বামী। বিষয়টি মাসহ স্বজনদেরও অবহিত করে আসছিল কন্যা রোকশানা। সংসার সুখের জন্য দরিদ্র পরিবারের মা ভাইয়ের কাছ থেকে স্বামীর জন্য দুইবার নগদ অর্থ এনে দেয় সে। তার পরও যৌতুক লোভি স্বামীর মন রক্ষা করতে পারেনি স্ত্রী।

বুধবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে বসতঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলছিল নববধূর লাশ। স্বামীসহ পরিবারের লোকজন এই অবস্থায় দেখে তাকে নামানোর চেষ্টা করেনি। খবর পেয়ে থানা পুলিশ ওইদিন বিকেল ৪টার দিকে এসে লাশ নামায় এবং সুরতহাল রিপোর্ট তৈরি করে সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠায়। হত্যা না আত্মহত্যা এই বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন দেখা দিয়েছে।

এদিকে, ওইদিন রাতে পুলিশ তার স্বামীকে আটক করে থানায় নিয়ে আসে। পরে নিহতের বড় বোন নাজমা বেগম বাদি হয়ে ৩০৬ ধারায় দায়েরি মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান আকন্দ মামলা দায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএখনো নিখোঁজ তিন শিক্ষার্থী ও দুই অভিভাবক
পরবর্তী নিবন্ধচারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে শিক্ষার্থী মাহিয়া