যে বয়সে অনেকে চাকরির পেছনে ছোটে, সেই বয়সে নিজের হাতে একটা ব্র্যান্ড দাঁড় করিয়েছিলেন সুমন আহমেদ সামির। কঠোর পরিশ্রম ও সাধনায় দাঁড় করিয়েছিলেন পোশাক ব্র্যান্ড ‘বিট’।
দেশের ফ্যাশন শিল্পে অনন্য স্টাইল ও পোশাকের ডিজাইনের জন্য তরুণদের কাছে পরিচিত ছিলেন সামির। কিন্তু বেপরোয়া কাভার্ড ভ্যানের চাপায় ৪০ বছর বয়সের আগেই চিরতরে চলে গেলেন এই তরুণ উদ্যোক্তা।
বুধবার (২১ অক্টোবর) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুমন আহমেদ সামির (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি স্ত্রী মাসরুবা মেহজাবীন আশা ও এক বছরেরও কম বয়সী মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সুমন আহমেদ সিয়ামের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
সামির বিট ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা ও সিইও। ঢাকার ব্যস্ততম নিউমার্কেটের নূরজাহান মার্কেট থেকে বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কসহ ঢাকা ও ঢাকার বাইরে পর্যন্ত নিজের ব্র্যান্ডের বিস্তৃতি ঘটিয়েছিলেন তিনি।

