ইরানের গোয়েন্দামন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের

নিউজ ডেস্ক

এবার ইরানের গোয়েন্দামন্ত্রী এসমাইল খাতিবকে হত্যার দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বুধবার (১৮ মার্চ) এ দাবি করেন। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি তেহরান।

যদি এই দাবি সত্য প্রমাণিত হয়, তাহলে মাত্র দুইদিনের মধ্যে এটি হবে ইরানের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তৃতীয় বড় হত্যাকাণ্ড।

এর আগে, গত মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং আধাসামরিক বাহিনী বাসিজের প্রধান গোলামরেজা সোলেইমানি। বুধবার তাদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই দুই হত্যাকাণ্ড ইরানের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তবে ইরান বলছে, এসব হত্যাকাণ্ড তাদের নেতৃত্ব কাঠামোকে ভেঙে দিতে পারবে না। এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনো বুঝতে পারেনি যে ইরানের সরকার কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয়।

আল-জাজিরাকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, একজন নেতাকে হত্যা করা হলেও রাষ্ট্রীয় কাঠামো অটুট থাকে এবং কার্যক্রম চলতে থাকে।

সূত্র: আল-জাজিরা

পূর্ববর্তী নিবন্ধনীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গ-ঢাকা রেল যোগাযোগ বন্ধ
পরবর্তী নিবন্ধরুশ তেল কিনতে এশিয়ায় কাড়াকাড়ি