অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে। ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে, যা তদন্ত হওয়া দরকার।

দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বাধীন শ্বেতপত্রের রিপোর্টের ওপর ভিত্তি করে এ তদন্ত হতে পারে। ’গতকাল জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকারের আমলে হওয়া প্রাতিষ্ঠানিক লুটপাট ও অর্থ পাচারের তীব্র সমালোচনা করার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের ১৮ মাসেরও যাবতীয় কর্মকাণ্ডের ওপর দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্তের নির্দেশ দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান। সেই তদন্ত প্রতিবেদন জাতির সামনে প্রকাশ করারও দাবি জানান তিনি।

এ সময় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানান অভিযোগের কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘জাতীয় নির্বাচন ও জাতীয় স্বার্থে সবাই মিলে একমত হয়ে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে।এরপর অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব নিয়েছে।

কয়েক দিন আগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) একটি রিপোর্ট দিয়েছে, যেখানে বিগত সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতির কথা বলা হয়েছে। যদিও সেই পত্রিকা বা রিপোর্টটি এ মুহূর্তে আমার কাছে নেই, তবু বিষয়টি নিশ্চিত হওয়া প্রয়োজন।

তাই এই ১৮ মাসের অস্থির সময়ে কোথায় দুর্নীতি হয়েছে, কীভাবে হয়েছে এবং কারা এর পেছনে জড়িত তার সবকিছুই দুদকের মাধ্যমে খুঁজে বের করা উচিত।’ বর্তমান সরকারের ভিত্তি হচ্ছে স্বচ্ছতা, তাই যেকোনো ধরনের অভিযোগেরই নিরপেক্ষ তদন্ত হওয়া বাঞ্ছনীয় বলে মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিগত আমলের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা এবং অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের চরম অস্থির সময় পার করে সরকার ৯ লাখ ৩৭ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছে।

বৈশ্বিক মুদ্রাব্যবস্থার পতন ও ভূরাজনৈতিক সংকটের মধ্যেও একটি নতুন অর্থনৈতিক ব্যবস্থার বাজেট প্রণয়ন করা হয়েছে। প্রথম ক্যাবিনেট মিটিংয়েই কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত সুদাসল ঋণ মওকুফের ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ’

তাই এবারের বাজেটকে ‘এ বাজেট অব নিউ ইকোনমিক অর্ডার’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘পুরাতন ধ্যানধারণা থেকে বেরিয়ে ফরাসি অর্থনীতিবিদ ফ্রেডরিক বাস্টিয়া কিংবা ব্রিটিশ অর্থমন্ত্রী উইলিয়াম ইওয়ার্ট গ্ল্যাডস্টোনের জনকল্যাণমুখী দর্শনের আলোকে এ বাজেট তৈরি করা হয়েছে।

টেকনাফের সীমান্তের একজন অসহায় বিধবা মহিলাও যেন এ বাজেটের সুফল পান, সে লক্ষ্যেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কোনো ধরনের ট্যাক্স বাড়ানো হয়নি। ফলে এবার বাজেট দেওয়ার আগে-পরে কোনো নিত্যপণ্যের দাম বাড়েনি। ’

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ ষোলোতে কানাডা
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় শান্তিচুক্তি হুমকির মুখে