নিজস্ব প্রতিবেদক
কর্তৃত্ববাদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার অঙ্গীকার পালনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সংখ্যালঘুদের মানবাধিকার’ শীর্ষক গোলটেবিল সংলাপে তিনি এ কথা বলেন।
গোলটেবিল সংলাপ সঞ্চালনা করেন রঞ্জন কর্মকার। ধারণাপত্র উপস্থাপন করে ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।
গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাংবাদিক আব্দুল আজিজ প্রমুখ।
ড. ইফতেখারুজ্জামান তার বক্তব্যে বলেন, কর্তৃত্ববাদের পতন না হলে সব নাগরিকের সমঅধিকার ও সমমর্যাদা সবসময় উপেক্ষিত হতে থাকবে।
তিনি বলেন, কর্তৃত্ববাদের বিরুদ্ধে বর্তমান সরকারের (অন্তর্বর্তী সরকার) যে অঙ্গীকার তা পালনে ব্যর্থ হয়েছে। তাই আমরা কেউ নিরাপদ নয়।
ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আক্রমণ ও সহিংসতারোধে সুনির্দিষ্ট আইন ও কমিশন থাকা প্রয়োজন।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সংখ্যালঘু জনগোষ্ঠীকে দেশের মূলধারার রাজনীতির সাথে যুক্ত হয়ে তাদের নিজস্ব দাবি-দাওয়াকে তুলে ধরতে হবে। তার জন্য প্রয়োজন সব অসাম্প্রদায়িক গণতান্ত্রিক জনগোষ্ঠীর ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানো।
ব্যারিস্টার সারা হোসেন বলেন, আমাদের নীরবতার কারণে আজ সবক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং প্রতিটি দেশে দেশে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে।
আজকে আহমেদিয়া জনগোষ্ঠীকে অমুসলিম ঘোষণার দাবি উঠেছে, যা দুর্ভাগ্যজনক এবং আমাদের কাছে অগ্রহণযোগ্য।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পরে নির্যাতনের শিকার ব্যক্তি কোনো ধরনের আইনের সুরক্ষা পাচ্ছে না। ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ এই বয়ান সামনে রেখে দীপু দাসের ওপর যে নগ্ন হামলা, নির্যাতন এবং মৃত্যু নিশ্চিত করার জন্য শরীরে অগ্নিসংযোগ করা এটা শুধু অমানবিক নয় যা মানবাধিকারের সুষ্পষ্ট লংঘন।
সংলাপে ফওজিয়া মোসলেম বলেন, সাম্প্রদায়িকতাকে রাজনীতির হাতিয়ার হিসেবে যারা ব্যবহার করছে তারা মূলত ফ্যাসিবাদকে সরিয়ে মৌলবাদকে প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে।
অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সব কালা কানুন অনতিবিলম্বে বাদ দেওয়ার জন্যে আহ্বান জানান।
সাংবাদিক আব্দুল আজিজ বলেন, সামনে নির্বাচন, এই নির্বাচনে সংখ্যালঘুদের বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। বর্তমান সময়ে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে যাতে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা পায়।
গোলটেবিল সংলাপের সভাপতি নির্মল রোজারিও সবাইকে ধন্যবাদ জানান এবং আলোচকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংলাপ শেষ করেন।


