
দেশের দুই বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল শনিবার ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানায়।
সতর্কবার্তায় বলা হয়, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার (২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার (২৪ ঘন্টা) বর্ষণ হতে পারে।
ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ময়মনসিংহ ও সিলেট মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
আবহাওয়া নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান গণমাধ্যমকে জানান, শনিবার সন্ধ্যা থেকে বাংলাদেশের ওপর দিয়ে প্রাক-মৌসুমি বৃষ্টি বলয় ‘ঝুমুল’ ধেয়ে আসছে। শনিবার থেকে শুরু হয়ে ৭ মে পর্যন্ত এই শক্তিশালী বৃষ্টি বলয় কার্যকর থাকতে পারে। এ সময় দেশের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ এলাকায় বজ্রবৃষ্টি, কালবৈশাখী ঝড় এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।


