আন্তর্জাতিক ডেস্ক
ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা না হলে ‘পারমাণবিক বিপর্যয়’ ঘটতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
থ্যাংকসগিভিং উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফ্লোরিডার মার-আ-লাগো বাসভবন থেকে মার্কিন সেনাসদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। এ সময় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে তার পরিকল্পনা জানতে চাওয়া হয়।
জবাবে ট্রাম্প বলেন, ইরানের এমন ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে, যা ইউরোপে পৌঁছাতে পারে। তবে সেগুলো যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারবে না বলে দাবি করেন তিনি।
ট্রাম্পের দাবি, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা না থাকলে ইরান ইসরায়েল ও ওই অঞ্চলের অন্যান্য দেশের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালাতে পারে। এতে ভয়াবহ পারমাণবিক বিপর্যয় ঘটবে বলে সতর্ক করেন তিনি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের তেলের প্রয়োজন নেই। তবে ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা জরুরি।
ইরানের নেতাদের প্রসঙ্গে ট্রাম্প বলেন, তাদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে তার। তার ভাষায়, তারা ‘পাগল’। এ কারণেই যুক্তরাষ্ট্র ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না।
ট্রাম্প আরও বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের প্রতিরক্ষার জন্য যথেষ্ট শক্তিশালী না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের তাদের সমর্থন দিয়ে যাওয়া প্রয়োজন।
এমন এক সময়ে ট্রাম্প এসব মন্তব্য করলেন, যখন ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধে চুক্তির প্রচেষ্টা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।
তবে ইরানের কাছে বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র নেই। দেশটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) স্বাক্ষরকারীও।


