নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে দেশে ২৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ৩১ হাজার ৮৩০ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।
এর মধ্যে গত বুধবার (২৫ নভেম্বর) এক দিনেই এসেছে ৬ কোটি ৯০ লাখ ডলার বা ৮৫৫ কোটি ৬০ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বছরের নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৪ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৫ দশমিক ২০ শতাংশ।
চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২৫ নভেম্বর) হিসাব অনুযায়ী, এ পর্যন্ত দেশে এক হাজার ৪০৩ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল এক হাজার ২৫৯ কোটি ডলার।
সে হিসাবে চলতি অর্থবছরে প্রবাসী আয় বেড়েছে ১১ দশমিক ৫০ শতাংশ।


