আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ডিএফসি) থেকে ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ। এর ফলে দেশের জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতে বিভিন্ন প্রকল্পে ডিএফসির অর্থায়নের সুযোগ তৈরি হলো।
সোমবার (১৬ নভেম্বর) ওয়াশিংটন ডিসি থেকে দেওয়া এক ঘোষণায় সংস্থাটি জানায়, এখন থেকে বাংলাদেশে বাস্তবায়িত প্রকল্পগুলো ডিএফসির অর্থায়নের জন্য বিবেচিত হতে পারবে। বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করে বাংলাদেশের বড় অর্থনৈতিক উন্নয়ন চাহিদা পূরণে সহায়তা করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
ডিএফসির ভাষ্য অনুযায়ী, অর্থায়নের পাশাপাশি ঝুঁকি কমানোর বিভিন্ন সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় গুরুত্বপূর্ণ বিনিয়োগের ঘাটতি পূরণ সহজ হবে। যেসব প্রকল্প অর্থায়নের সীমাবদ্ধতা বা সম্ভাব্য ঝুঁকির কারণে এত দিন বেসরকারি বিনিয়োগকারীদের আগ্রহ পায়নি, সেগুলোও বাস্তবায়নের সুযোগ পেতে পারে।
এসব বিনিয়োগের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় সেবার পরিধি বাড়ানো এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানকে শক্তিশালী করার কথা বলেছে সংস্থাটি। তাদের মতে, বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় এবং উন্নয়নমুখী প্রকল্পগুলো অর্থায়নের বাধা ও বিনিয়োগঝুঁকি কাটিয়ে উঠতে ডিএফসির সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক বলেন, ডিএফসির অর্থায়নের যোগ্যতা পাওয়া বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে সহায়ক বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।
তিনি বলেন, গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করে- এমন প্রকল্পে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব হবে।বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করবে বলে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র।
এ প্রক্রিয়ায় বাংলাদেশকে সহযোগিতার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রকাশ হলো পারস্পরিক বাণিজ্য চুক্তি বা ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’।তিনি বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর ফলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র- উভয় দেশেই সমৃদ্ধি বাড়বে।ডিএফসি বলেছে, বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বসবাস ইন্দো-প্যাসিফিক অঞ্চলে।
একই সঙ্গে বিশ্বের দ্রুততম প্রবৃদ্ধি অর্জনকারী কয়েকটি অর্থনীতিও এ অঞ্চলে অবস্থিত। ফলে কৌশলগত মার্কিন বিনিয়োগের জন্য অঞ্চলটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করেছে।এ অঞ্চলে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর উপস্থিতি বাড়াতে সহায়তা এবং বেসরকারি পুঁজি আকৃষ্ট করার বিষয়ে সংস্থাটি প্রতিশ্রুতিবদ্ধ। মুক্তবাজারভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এগিয়ে নেওয়া এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার করাও তাদের লক্ষ্য।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসি দেশটির সরকারের আন্তর্জাতিক বিনিয়োগবিষয়ক প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক উন্নয়ন কৌশল বাস্তবায়নে বেসরকারি পুঁজি কাজে লাগানো সংস্থাটির অন্যতম দায়িত্ব।ডিএফসির ভাষ্য অনুযায়ী, তাদের বিনিয়োগের মাধ্যমে মার্কিন করদাতাদের জন্য আর্থিক মুনাফা নিশ্চিত করার পাশাপাশি মিত্র ও অংশীদার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন এবং সরবরাহব্যবস্থা সুরক্ষায় কাজ করা হয়।


