সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ বিল পাস

নিজস্ব প্রতিবেদক

বগুড়া ও এর সন্নিহিত এলাকার সমন্বিত ও পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন, পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য সংরক্ষণ, অপরিকল্পিত নগরায়ণ প্রতিরোধ, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠা, তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করতে জাতীয় সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ শীর্ষক বিল পাস হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

এর আগে বিলটির ওপর জনমত যাচাই এবং বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। গত ৯ নভেম্বর জাতীয় সংসদে বিলটি উত্থাপনের পর অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

সংসদে জানানো হয়, বগুড়া ও এর সন্নিহিত এলাকায় একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই নগর গড়ে তোলার লক্ষ্যে এ বিল প্রণয়ন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট এলাকার ভূপ্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য সংরক্ষণ, অপরিকল্পিত নগরায়ণ রোধ, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা, তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ এবং নাগরিকদের জন্য উন্নত জীবনযাপনের পরিবেশ সৃষ্টি করা।

এসব লক্ষ্য বাস্তবায়নে বগুড়া ও এর সন্নিহিত এলাকার সমন্বিত, পরিকল্পিত ও টেকসই উন্নয়ন এবং কার্যকর নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক)’ প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে বিলে।

উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নগরকেন্দ্র হিসেবে বগুড়া ও এর সন্নিহিত এলাকার ক্রমবর্ধমান নগরায়ণ, অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন নিশ্চিত করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (খুউক) ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (রাউক) আদলে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংসদে মন্ত্রী জানান, ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ প্রণয়নের মাধ্যমে বগুড়া ও এর সন্নিহিত এলাকার সমন্বিত ও পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন, পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য সংরক্ষণ, অপরিকল্পিত নগরায়ণ প্রতিরোধ, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠা, তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করার জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।

পূর্ববর্তী নিবন্ধমার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা
পরবর্তী নিবন্ধহজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন