নিজস্ব প্রতিবেদক
রাজধানীর একটি ইন্টারনেট সার্ভিস প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে হাবিবুর রহমান (২৬) ও সাজু আহমেদ (২৯) নামে দুজন আহত হয়েছেন।
তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রামপুরা থানাধীন ওয়াপদা রোডের স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে অজ্ঞাতপরিচয় চার ব্যক্তি ওই কার্যালয়ে প্রবেশ করেন। এরপর তারা সেখানে থাকা দুই কর্মচারীকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে সহকর্মীরা আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
আহত হাবিবুর রহমানের বাম হাতে গুলি লেগেছে।
তিনি চাঁদপুরের উত্তর মতলব উপজেলার নেতামদী গ্রামের দুলাল মিয়ার ছেলে। অন্যদিকে সাজু আহমেদের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার রাজপয়সা গ্রামের ইউসুফের ছেলে।
হামলার কারণ এবং দুর্বৃত্তদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি আহত ব্যক্তিরা। তবে প্রাথমিকভাবে চাঁদাবাজিকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার কারণ উদ্ঘাটন এবং হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।


