নিজস্ব প্রতিবেদক
দেশে কোনো রকমের অস্থিরতা, কোনো রকমের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করা হলে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হাতে সেটা দমন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধী দলের নেতা পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে অভিযোগ তোলেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য দেন।
এসময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই দেশে শিল্পবান্ধব পরিবেশ আমরা নিশ্চিত করব।
কোনো রকমের অস্থিরতা আমরা এখানে ঘটতে দেব না। কোনো রকমের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করলে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হাতে সেটা দমন করবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না অবনতি, সেই বিষয়ে যদি স্টেটমেন্ট আমাকে দিতে হয়, তাহলে আমি আগামীকাল দিই। ৩০০ বিধিতে দিই। আজ শুধু কয়েকটা কথা বললাম। দেশবাসীকে আশ্বস্ত করতে চাই। কারো যেকোনো রকমের ষড়যন্ত্র, দেশের অভ্যন্তরে হোক বা সীমান্তের বাইরে হোক বা সম্মিলিত হোক। কোনো ষড়যন্ত্র, কোনো নীলনকশা এখানে বাস্তবায়ন হবে না মাননীয় স্পিকার।
তিনি বলেন, আমরা সবাই এখানে অঙ্গীকারবদ্ধ। যেই ফ্যাসিবাদের পতন হয়েছে গণঅভ্যুত্থানের মুখে, তাকে যদি কোনো সুযোগে ফেরানোর মতো কোনো পরিস্থিতি যে কেউ করে দিয়ে থাকে, জাতি সেটা দেখবে, আমরা উন্মোচিত করব। এর বেশি বলতে চাই না। কারা কাদের সঙ্গে ষড়যন্ত্র করছে, এসব বিষয়ে আমি বলব না। একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাগজ দিয়ে দেখিয়ে দেব বিশ্বাসযোগ্যভাবে, যদি কোনো সম্মিলিত ষড়যন্ত্র থাকে।
রাতের আঁধারে ককটেল বিস্ফোরণে দেশের আইনশৃঙ্খলার অবনতি হয়ে যায় না
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে বিজনেস ফ্যাকাল্টির সামনে একটা গাড়ির ছাদের উপরে একটা ককটেল বিস্ফোরণ হলে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়ে যায় না স্পিকার। অন্য কোথাও, রাতের অন্ধকারে অথবা ভোররাতে, কোথাও কোনো পরিত্যক্ত বাস অথবা যেখানে গাড়ির চালক এবং হেলপার থাকেন না, ওই রকম আনএটেন্ডেড কোনো ভেহিক্যালে রাতের অন্ধকারে একটা-দুইটা গাড়িতে আগুন দিলে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না।
সালাহউদ্দিন আহমদ বলেন, এই দুই-একটা সিম্বলিক ঘটনাকে একত্রিত করে যদি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলা হয়, এটা আমার মনে হয় যৌক্তিক না।
মন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো মূল্যে শিল্পবান্ধব ও বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।


