নিজস্ব প্রতিবেদক
পদ্মা ব্যারাজ, পদ্মা ওয়াই-টাইপ দ্বিতীয় সেতু ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এক সভায় জাতীয় গুরুত্বপূর্ণ এ তিনটি প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ মিটিং করেছি। আপনারা জানেন, পদ্মা ব্যারাজ, পদ্মা দ্বিতীয় সেতু ও যমুনা দ্বিতীয় সেতু—এগুলো খুবই প্রয়োজনীয় ও জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প।
মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্প এরই মধ্যে গ্রহণ করা হয়েছে। পদ্মা সেতুর ওয়াই-টাইপ দ্বিতীয় সেতুও নীতিগতভাবে গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে যমুনা দ্বিতীয় সেতুর প্রয়োজনীয়তা ও দাবি রয়েছে। নির্বাচনি ইশতেহারেও এ প্রকল্প বাস্তবায়নের অঙ্গীকার করেছে সরকার।
তিনি বলেন, প্রকল্পগুলো বাস্তবায়নের আগে সমন্বিত পরিকল্পনা এবং বাস্তবায়ন প্রক্রিয়ার ভৌত কাজের মধ্যে সামঞ্জস্য তৈরির জন্যই মূলত এ সভা হয়েছে।
শেখ রবিউল আলম বলেন, সরকার পদ্মা ব্যারেজ বাস্তবায়ন করতে যাচ্ছে। এই ব্যারেজের সর্বোচ্চ ব্যবহার কীভাবে করা যায়, বিশেষ করে যোগাযোগের ক্ষেত্রেও ব্যারেজটি ব্যবহারের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সেই বিষয়টি বিবেচনায় রেখেই পদ্মা ব্যারেজের পরিকল্পনা করা হচ্ছে।
তিনি বলেন, পদ্মা ব্যারেজ ও ওয়াই-টাইপ সেতুর মধ্যে কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে কি না, কিংবা একটি অন্যটির সম্পূরক বা পরিপূরক হওয়ার ক্ষেত্রে কোনো বিচ্যুতি ঘটবে কি না, তা নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, পদ্মা ব্যারেজের পরিকল্পনা অনুযায়ী কাজ অব্যাহত থাকবে। একই সঙ্গে পদ্মা ওয়াই-টাইপ সেতুও বাস্তবায়ন করা হবে।


