সেন্টমার্টিনে রাতযাপনের বাধা কাটলো

নিজস্ব প্রতিবেদক

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। তবে দ্বীপে রাতযাপনে যে নিষেধাজ্ঞা ছিল, সে জটিলতা কাটাতে এ সংক্রান্ত নির্দেশনা সংশোধন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।সংশোধিত নির্দেশনা অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে আগামী বছরের (২০২৭ সাল) ১৫ মার্চ পর্যন্ত দ্বীপে পর্যটক যাতায়াত করতে পারবেন।

এ সময় পর্যন্ত পর্যটকদের সেখানে রাতযাপনের ক্ষেত্রেও কোনো বাধা নেই। দৈনিক গড়ে সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক যাওয়ার সুযোগ পাবেন।মঙ্গলবার (২৭ অক্টোবর) মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে এ বিষয়ে সংশোধিত নির্দেশনা জারি করা হয়।

গত ১২ অক্টোবরের আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২৫ অক্টোবর নির্দেশনায় জানানো হয়েছিল, ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত শুরু হবে এবং আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত এ সুযোগ থাকবে।

তবে ২০২৫ সালের ২২ অক্টোবরের প্রজ্ঞাপনের নভেম্বরে দিনের বেলায় দ্বীপে গিয়ে একই দিনে ফিরে আসার বাধ্যবাধকতা বহাল রাখায় নতুন সিদ্ধান্তের সঙ্গে পুরোনো বিধানের সামঞ্জস্য নিয়ে প্রশ্ন ওঠে। দ্বীপে পর্যটক যাতায়াত চালু রেখে সেখানে রাতযাপনের সুযোগ না রাখাকে বাস্তবসম্মত নয় বলেও সমালোচনা হয়।

গত বছরের প্রজ্ঞাপনের গ, ঘ, ঙ ও চ অনুচ্ছেদ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী সংশোধিত গণ্য হবে বলে মঙ্গলবারের সংশোধিত নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। ২০২৫ সালের প্রজ্ঞাপনের গ, ঘ, ঙ ও চ অনুচ্ছেদে নভেম্বর মাসে রাতযাপন নিষিদ্ধ, ডিসেম্বর ও জানুয়ারিতে রাতযাপনের অনুমতি, দৈনিক গড়ে সর্বোচ্চ দুই হাজার পর্যটক এবং ফেব্রুয়ারিতে পর্যটক যাতায়াত বন্ধ রাখার বিধান ছিল।

নতুন সিদ্ধান্তে ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত যাতায়াতের সুযোগ এবং দৈনিক গড়ে সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটকের সীমা নির্ধারণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগ্রিড বিপর্যয়ের কারণ খুঁজতে তদন্ত কমিটি
পরবর্তী নিবন্ধবাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ