নিউজ ডেস্ক
ভোটার তালিকা সংশোধনের আগে ভারতের কর্ণাটকে নিবন্ধিত ভোটার ছিলেন ৫ কোটিরও বেশি। সংশোধনের পর চূড়ান্ত তালিকায় কমেছে ভোটারের সংখ্যা, বাদ পড়েছে বিপুলসংখ্যক নাম।ভারতের এই রাজ্যে নতুন তালিকা প্রকাশের পর দেখা গেছে, প্রায় এক কোটি ভোটারের নাম আর নেই।
মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় খসড়া তালিকার তুলনায় নতুন করে ৮ লাখ ৬৪ হাজার ভোটারের নাম যুক্ত হয়েছে। এর আগে, খসড়া তালিকা থেকে ১ কোটি ৭ লাখের বেশি নাম বাদ দেওয়া হয়েছিল।কর্ণাটকের প্রধান নির্বাচনি কর্মকর্তার ওয়েবসাইটে বিধানসভা আসনভিত্তিক ভোটার তালিকা পাওয়া যাচ্ছে।
পাশাপাশি, নির্বাচন কমিশনের ভোটার অনুসন্ধান পোর্টালে নিজেদের নাম যাচাই করতে পারবেন ভোটাররা।ভোটার তালিকায় নিজের নাম খুঁজতে প্রথমে নির্বাচন কমিশনের পোর্টালে গিয়ে ‘সার্চ বাই ইপিআইসি’ অপশন বেছে নিতে হবে।এরপর ভোটার পরিচয়পত্রের নম্বর দিয়ে রাজ্য হিসেবে কর্ণাটক নির্বাচন করতে হবে।
সবশেষে ক্যাপচা পূরণ করে ‘সার্চ’ বাটনে ক্লিক করলে নামের তথ্য দেখা যাবে ভোটারদের।তবে, ফলাফলে ‘নো রেজাল্ট ফাউন্ড’ দেখালেই নাম বাদ পড়েছে বলে নিশ্চিত হওয়া যাবে না। এ ক্ষেত্রে সরকারি ভোটার তালিকায় নিজের তথ্য যাচাই করতে হবে।
প্রয়োজনে নির্বাচনি কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করতে হবে।চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার রয়েছেন ২ কোটি ২৫ লাখের বেশি, নারী ভোটার ২ কোটি ২৯ লাখের বেশি। পাশাপাশি, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ হাজার ৮৪১ জন।এছাড়া, ১৮ ও ১৯ বছর বয়সী ভোটার ৬ লাখ ৮৩ হাজারের বেশি এবং ৮৫ বছরের বেশি বয়সী ভোটার ৩ লাখ ৯২ হাজারের বেশি।খসড়া ভোটার তালিকা থেকে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে বাসস্থান পরিবর্তন করেছেন বা গণনার সময় যাদের খুঁজে পাওয়া যায়নি, এমন ভোটারদের।
এ কারণে বাদ দেওয়া হয়েছে ৮০ লাখ ৬২ হাজার নাম।এছাড়া, মৃত হিসেবে নথিভুক্ত হওয়ায় ১৬ লাখ ৩৯ হাজারের বেশি এবং একাধিকবার নাম থাকায় সাত লাখের বেশি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। ‘অন্যান্য’ শ্রেণিতে বাদ পড়েছে আরও ৩ লাখ ৮৩ হাজার নাম।


