গ্রিড বিপর্যয়:সচিবালয়-বাংলাদেশ ব্যাংক-ট্রাইব্যুনালেও বিদ্যুৎ বিভ্রাট

নিজস্ব প্রতিবেদক

দেশের পূর্বাঞ্চলের একটি গ্রিডে বিপর্যয় দেখা দেওয়ায় ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটের দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ, পিজিসিবি।

গ্রিড বিপর্যয়ের কারণে বাংলাদেশ ব্যাংক, ট্রাইব্যুনাল, সচিবালয়সহ ঢাকার আবাসিক এলাকাগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঢাকার বাইরের কিছু কিছু এলাকায়ও বিদ্যুৎ চলে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে।

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বেলা ২টা ২০ মিনিটে বিদ্যুৎ বিভাগ এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ পুনর্বহালের কার্যক্রম চলমান রয়েছে।

ইতোমধ্যে অধিকাংশ জায়গায় বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল করা হয়েছে। বাকী অংশেও স্বল্পসময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে মর্মে আশা করা যাচ্ছে।
এক জরুরি বার্তায় সংস্থাটি জানায়, মঙ্গলবার দুপুর ১২টা ৪৩ মিনিটের দিকে অনাকাঙ্ক্ষিতভাবে ঢাকার পূর্বাঞ্চল (ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন, মতিঝিল ইত্যাদি) এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। এখনো কারিগরি কারণ জানা যায়নি।

পাওয়ার গ্রিড বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, সিস্টেম রিস্টোর করার কাজ চলছে। প্রকৌশলীরা ধাপে ধাপে পুনঃসংযোগ স্থাপনের কাজ করে যাচ্ছেন।

বিদ্যুতের জাতীয় গ্রিড সিস্টেম এনএলডিসির (ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টার) নিয়ন্ত্রণে রয়েছে।

দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআইজিপির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান
পরবর্তী নিবন্ধদেশেই আছেন রুমি, চেয়েছেন আগাম জামিন: আইনজীবী