সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাম্মাম শহরের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। নিহত ব্যক্তিদের একজন সৌদি নাগরিক, অন্যজন ভারতীয় প্রবাসী। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বুধবার বিমানবন্দরটিতে এ হামলার ঘটনা ঘটে।
এর আগে একই দিনে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, দেশটির আরামকোর শাইবাহ তেলক্ষেত্রের একটি স্থাপনায় আঘাত হানার চেষ্টা করা একটি ড্রোন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়। এ ঘটনায় দুইজন নিহত হন। ফলে এক দিনে দেশটিতে অন্তত চারজন নিহত হয়েছেন।ইয়েমেনের হুথি বাহিনী ও সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের মধ্যে সংঘাত তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে সৌদি আরবের বিভিন্ন অবকাঠামোয় হামলার ঘটনা বাড়ছে।


