দশম গ্রেডে বিএসসি প্রকৌশলী নিয়োগ না দেওয়ার দাবি ডিপ্লোমা প্রকৌশলীদের

নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরিতে ১০ম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী পদ বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত না করার দাবি জানিয়েছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা।

তারা বলেছেন, এ পদ সবার জন্য উন্মুক্ত করা হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থান, পদোন্নতি ও পেশাগত অগ্রগতির সুযোগ সংকুচিত হবে। এতে প্রকৌশল খাতে অস্থিরতা তৈরি হতে পারে।

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)-এর নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি আদেশ অনুযায়ী ১০ম গ্রেডে উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ এবং ৩৩ শতাংশ পদোন্নতিসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাপ্য অধিকার সংরক্ষণ করতে হবে। বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে একতরফাভাবে নিয়োগবিধি সংশোধনের মাধ্যমে তাদের পদসংখ্যা ও পদোন্নতির সুযোগ সংকুচিত করা হচ্ছে। এতে দীর্ঘদিনের অর্জিত অধিকার ক্ষুণ্ন হচ্ছে।

তারা অভিযোগ করেন, পিডিবি, ডিপিডিসি ও নেসকোসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কয়েক হাজার পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়োগের প্রক্রিয়া বন্ধ রয়েছে। এ ছাড়া নিয়োগবিধি ও পদোন্নতির জ্যেষ্ঠতা নীতিমালায় বৈষম্যের কারণে বিভিন্ন সংস্থায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জ্যেষ্ঠতা লঙ্ঘিত হচ্ছে। হয়রানিমূলক মামলার অজুহাতেও শত শত উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ আটকে রাখা হয়েছে বলে তারা দাবি করেন।

এফডিইবির নেতারা বলেন, ১০ম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী পদ সবার জন্য উন্মুক্ত করার যে কোনো উদ্যোগ অবিলম্বে বন্ধ করতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত পদ, দায়িত্ব ও পেশাগত অধিকার সংরক্ষণে বিদ্যমান সরকারি বিধিবিধান এবং জনবল কাঠামো যথাযথ অনুসরণ করতে হবে।

মানববন্ধনে সিলেট, ফরিদপুর, ময়মনসিংহ ও বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে চলতি শিক্ষাবর্ষ থেকেই ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ভর্তির কোটা ও সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধভারতের সঙ্গে কূটনৈতিক সংলাপে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর