আন্তর্জাতিক ডেস্ক
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করেছে সৌদি সমর্থিত সরকারি বাহিনী। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৫০টির বেশি হামলা চালিয়ে ১ হাজার ৪০০ জনের বেশি হুথি যোদ্ধাকে নিষ্ক্রিয় করার দাবি করেছে তারা।
একই সঙ্গে, ২৫০টির বেশি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সরকারি বাহিনী।
গত শুক্রবার (৯ অক্টোবর) ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাজেদ আবদুল্লাহ আল-নাধিব যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘অপারেশন ডন অব ইয়েমেন’-এর আওতায় বিভিন্ন রণাঙ্গনে হুথি বিদ্রোহীদের অবস্থান নিশানা করে এসব হামলা চালানো হয়েছে। এসব হামলার উদ্দেশ্য ছিল হুথিদের সামরিক শক্তি দুর্বল করা।
আল-নাধিব জানান, হামলায় হুথিদের প্রতিরক্ষাব্যবস্থা, পর্যবেক্ষণ ও গোয়েন্দা নজরদারির চৌকি, কামানের অবস্থান, অস্ত্র ও গোলাবারুদের গুদাম এবং সরবরাহকেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়।
এছাড়া, হুথিদের নিয়ন্ত্রণে থাকা এলাকার গভীরে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং সেনা ও সরঞ্জাম পাঠানোর পথেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
যুদ্ধক্ষেত্রের প্রাথমিক হিসাব তুলে ধরে আল-নাধিব বলেন, এসব অভিযানে ১ হাজার ৪০০ জনের বেশি হুথি যোদ্ধাকে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ছাড়া, ২৫০টির বেশি সামরিক যান ও যুদ্ধের কাজে ব্যবহৃত সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।
আল-নাধিবের দাবি, এসব হামলার ফলে হুথিদের সেনা চলাচল, রসদ সরবরাহ এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। এতে যুদ্ধের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও সহায়তা পৌঁছানোও তাদের জন্য কঠিন হয়ে উঠেছে।


