ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

দেশ পুনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, অনেক আন্দোলন, সংগ্রাম ও তর্ক-বিতর্ক হয়েছে। এখন সময় দেশ পুনর্গঠনের, দেশকে এগিয়ে নেওয়ার। যারা ষড়যন্ত্র করতে চায়, তাদের ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকতে হবে এবং জনগণকে সতর্ক করতে হবে।

জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সভায় জুলাই আন্দোলনের শরিক বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, সরকার জনগণের সামনে যে পরিকল্পনা উপস্থাপন করেছে এবং দেশ পুনর্গঠনের জন্য যা করতে চায়, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে। জনগণ এখন চায় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হোক। মানুষ রাস্তায় শান্তি, সন্তানের শিক্ষার সুযোগ, চিকিৎসা, নিরাপত্তা, কর্মসংস্থান এবং যোগ্যতা অনুযায়ী ব্যবসা-বাণিজ্য ও চাকরির সুযোগ চায়।

তিনি বলেন, জনগণ একই সঙ্গে তাদের রাজনৈতিক অধিকার সময়মতো প্রয়োগ করতে চায়। সাম্প্রতিক সময়ে পত্রপত্রিকায় যেসব ঘটনা প্রকাশিত হচ্ছে, সেগুলো কোনো গণতন্ত্রে বিশ্বাসী মানুষ চায় না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি সবাইকে জনগণের চাওয়া পূরণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।

জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার
জুলাই আন্দোলনে আত্মত্যাগকারীদের আত্মার মাগফিরাত কামনা করে প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বহু অরাজনৈতিক মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকারের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, যাদের চিকিৎসা প্রয়োজন, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। যাদের কর্মসংস্থান প্রয়োজন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

একই সঙ্গে তিনি স্বাধীনতা যুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধতনু হত্যা মামলার আসামি সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান জামিনে কারামুক্ত