মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত বেড়ে যাওয়ার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। গত দুই মাসের মধ্যে এই প্রথম তেলের দাম এত উচ্চতায় পৌঁছাল। ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে নতুন করে বড় ধরনের ব্যাঘাত ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।
এর আগে গত বুধবার (২২ জুলাই) তেলের দাম ব্যারেলপ্রতি ৯৫ ডলারে গিয়ে ঠেকেছিল। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একের পর এক হামলায় লোহিত সাগর দিয়ে সৌদি আরবের তেল রপ্তানি বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চরম উত্তেজনা।
বৃহস্পতিবার ইরান সমর্থিত হুথি গোষ্ঠী জানায়, তারা সৌদি আরবের দুটি তেলের ট্যাংকার ‘এনসেলিয়া’ ও ‘লায়লা’র ওপর হামলা চালিয়েছে। গোষ্ঠীটির দাবি, তাদের ঘোষিত লোহিত সাগরের নৌ-অবরোধ অমান্য করায় এই হামলা চালানো হয়।হুথিরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে জাহাজ দুটিতে হামলা চালায়। হামলায় একটি ট্যাংকারে আগুন ধরে যায়।


