নিজস্ব প্রতিবেদক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আজ শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৯টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে।
গতকাল শুক্রবার রাত ১১টায় বিমানবন্দরের কার্গো শেডে আগুন লাগে। পরে কার্গো শেড পরিদর্শনে গিয়ে তদন্তের কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, ‘তদন্ত সাপেক্ষে বোঝা যাবে কী থেকে আগুনটা ধরেছে। এ বিষয়ে পাঁচ সদস্যের একটা কমিটি করে দেওয়া হয়েছে। ক্ষতির পরিমাণটা নিরূপণের বিষয়ে কমিটি বলতে পারবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে এখানকার লোকজনের সঙ্গে কথা বলে বোঝা গেলো, শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটতে পারে। কিন্তু প্রশ্ন হলো শর্ট সার্কিট হবে কেন। এর আগেও যে অগ্নিকাণ্ড হয়েছিল, সেখানেও তদন্ত রিপোর্টে শর্ট সার্কিট ছিল। তাহলে নিশ্চয়ই গাফিলতি রয়েছে। আমাদের তা স্বীকার করতে হবে।’
তিনি আরও বলেন, ‘শনিবার সকাল সাড়ে ৯টায় কমিটিকে প্রাথমিক তদন্ত দিতে বলা হয়েছে। এবার কারও গাফিলতির কারণে হয়ে থাকে, তাহলে খুব শক্ত ব্যবস্থা নেবো— যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’
গতকাল রাতে অগ্নিকাণ্ডের পর শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে বিমানবন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের সদস্যরা ছুটে যান। তারা দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। অগ্নিকাণ্ড বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায় কোনো সমস্যা হয়নি।


