সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই

দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতি টেনে মৃত্যুবরণ করেছেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ২টার দিকে (১৬ মে) সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

তার মেয়ে একমি গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা ও সফরসঙ্গী আনোয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সদ্য প্রয়াত মিজান সিনহা মুন্সিগঞ্জ-২ (টঙ্গীবাড়ি ও লৌহজং) আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় বিএনপির সাবেক কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিএনপির বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে মুন্সিগঞ্জের স্থানীয় রাজনৈতিক অঙ্গনে।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. মহিউদ্দিন আহমেদসহ জেলা বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় নানা শ্রেণিপেশার সাধারণ মানুষ।

মিজানুর রহমান সিনহা ১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন।

তার পিতার নাম হামিদুর রহমান সিনহা ও মাতা নূরজাহান সিনহা। বাংলাদেশের ঔষধ ব্যবসায়ের অন্যতম শিল্পগোষ্ঠী একমি গ্রুপের প্রতিষ্ঠাতা ছিলেন তার বাবা।

২০২০ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দেন প্রয়াত মিজানুর রহমান সিনহা।

সর্বশেষ ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের সময় তিনি মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থীদের তালিকায় তার নাম আসে। পরবর্তীতে সিনহার অসুস্থতাজনিত কারণে আসনটিতে মনোনয়ন পরিবর্তন করা হয়।

১৯৬৪ সালে সিনহা ব্যাংকে চাকরির মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তার বাবার মৃত্যুর পর ১৯৭৫ সালে তিনি বাবার প্রতিষ্ঠিত একমি গ্রুপে যোগদান করেন। ১৯৮৩ সাল থেকে তিনি গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন।

তিনি বিএনপির মনোনয়নে মুন্সিগঞ্জ-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে দু’বার সংসদ সদস্য নির্বাচিত হন।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক উন্নয়ন, জনকল্যাণমূলক কাজ ও দানশীলতার জন্যও এলাকায় ব্যাপক পরিচিত ছিলেন মিজানুর রহমান সিনহা। তিনি ছাত্রজীবনে রাজনীতির সঙ্গে যুক্ত হন। সরকারি তোলারাম কলেজে অধ্যয়নকালে তিনি ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই সময় ১৯৯০ সালের মিজানুর রহমান সিনহা বিএনপিতে যোগদান করেন। পরবর্তীতে তিনি দলটির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবে ২২ জানুয়ারি ২০২০ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

পূর্ববর্তী নিবন্ধসৌদি আরবে পৌঁছেছেন ৫৮৩৪৭ হজযাত্রী, মারা গেছেন আরও একজন
পরবর্তী নিবন্ধসোনার দাম আরও কমলো, ভরি ২৩৮১২১ টাকা