দেশের ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

নিউজ ডেস্ক

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা থাকায় ১৩টি অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে, ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এদিকে, আকস্মিক ঝড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কায় নৌযান চলাচল, মাছ ধরা এবং খোলা জায়গায় কাজ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প
পরবর্তী নিবন্ধরূপপুরে জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ