খুবিতে ভয়াবহ লোডশেডিং, বিপাকে হাজারো শিক্ষার্থী

ইভান নির্জন, খুবি প্রতিনিধিঃ

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ও আশপাশের এলাকায় তীব্র লোডশেডিং পরিস্থিতি শিক্ষার্থীদের জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ক্যাম্পাসের বাইরের মেসগুলোতে থাকা শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। জানা গেছে, জিরো পয়েন্ট, ইসলামপুর ও নিরালাসহ আশপাশের মেস এলাকাগুলোতে প্রতিদিন গড়ে ৬ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। অনেক সময় রাত ১২টার পর থেকে ভোর পর্যন্ত কয়েক দফায় বিদ্যুৎ বিভ্রাট ঘটছে।

এতে তীব্র গরমে শিক্ষার্থীদের স্বাভাবিক ঘুম ব্যাহত হচ্ছে এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় খাবার সংরক্ষণে সমস্যা ও পানির সংকটও দেখা দিচ্ছে। প্রচন্ড তাপদাহের কারনে বৃহস্পতিবার ক্যাম্পাসে উপস্থিত শিক্ষার্থীদের সংখ্যা ছিল তুলনামূলক কম। কয়েক জনের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর পরিস্থিতি খুব একটা স্বস্তিদায়ক নয়। যারা হলে থাকেন এবং যারা ক্যাম্পাসের বাইরে থাকেন, সবারই সমস্যা লোডশেডিং।

বীরশ্রেষ্ঠ রুহুল আমিন হলের শিক্ষার্থীরা প্রতিদিন গড়ে ৩ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত লোডশেডিংয়ের সম্মুখীন হচ্ছেন। যদিও হলে জেনারেটর সুবিধা রয়েছে, তা মূলত রিডিং রুম বা নির্দিষ্ট কিছু স্থানে সীমাবদ্ধ থাকায় অধিকাংশ শিক্ষার্থী পর্যাপ্ত সুবিধা পাচ্ছেন না। খুলনা বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহ। থাকেন ক্যাম্পাস সংলগ্ন মুক্তিযোদ্ধা ছাত্রাবাসে।

জানতে চাইলে মাসুম বলেন, সন্ধ্যার পর নিয়মিত বিদ্যুৎ বিভ্রাটের কারণে পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটছে। বর্তমানে বিভিন্ন বিভাগের মিড-টার্ম ও সেমিস্টার ফাইনাল পরীক্ষা চললেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় প্রস্তুতি নিতে হিমশিম খাচ্ছি। ল্যাপটপ ও মোবাইল ডিভাইসে চার্জ সংকট এবং ওয়াই-ফাই সংযোগ বিচ্ছিন্ন থাকায় সময়মতো অ্যাসাইনমেন্ট জমা দিতে পারছি না। শিক্ষার্থীদের অভিযোগ, রাতে পর্যাপ্ত ঘুম না হওয়ায় পরদিন ক্লাসে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। অনেকেই বিকল্প হিসেবে লাইব্রেরি বা ক্যাম্পাসের নির্দিষ্ট স্থানে গিয়ে চার্জিং সুবিধা নিচ্ছেন।

গবেষণা ও সাম্প্রতিক তথ্য ঘেটে দেখা গেছে, এ পরিস্থিতিতে প্রায় ৭৫ শতাংশ শিক্ষার্থীর ফলাফলে নেতিবাচক প্রভাব পড়ছে এবং ৮৭ শতাংশ শিক্ষার্থী পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারছেন না। খুলনা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকাগুলোতেও একই চিত্র দেখা যাচ্ছে। এপ্রিল ২০২৬-এর তথ্য অনুযায়ী, জ্বালানি সংকটের কারণে খুলনার ১০টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ৬টি বন্ধ থাকায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, যা লোডশেডিং বাড়িয়ে দিয়েছে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি গ্রীষ্মে তাপমাত্রা আরও বাড়তে পারে। বৃহস্পতিবার দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় তাপমাত্রা ছিল প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। যার প্রকৃত অনুভূত তাপমাত্রা (রিয়াল ফিল) ৪৭ ডিগ্রি সেলসিয়াস। বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ২৯ হাজার মেগাওয়াট হলেও জ্বালানি সংকটের কারণে পুরো সক্ষমতা ব্যবহার করা যাচ্ছে না। তেল ও কয়লার ঘাটতির কারণে বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র আংশিক বা পুরোপুরি বন্ধ রয়েছে। পটুয়াখালীর ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি কেন্দ্র কয়লার অভাবে বন্ধ রয়েছে। এছাড়া একটি বড় বিদ্যুৎকেন্দ্রের ইউনিট কারিগরি ত্রুটির কারণে উৎপাদনের বাইরে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে সামনের দিনগুলোতে লোডশেডিং পরিস্থিতি আরও খারাপ হতে পারে, যা শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াবে।

পূর্ববর্তী নিবন্ধআমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করতে নয়, যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান
পরবর্তী নিবন্ধবড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ