আমরা ইরানকে ধ্বংস করে দিচ্ছি : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে এখনই বিদায় নিতে পারি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুদ্ধ শেষ করেই কেবল যুক্তরাষ্ট্র ফিরবে বলে জানিয়েছেন তিনি। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।

যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তার কাছে ‘অনেক বিকল্প’ রয়েছে।

তিনি বলেন, ‘‘আমরা এখনই চলে যেতে পারি এবং তাদের যা ছিল তা পুনর্গঠন করতে ১৫ বছর সময় লাগবে। আমরা এখনই চলে যেতে পারতাম। কিন্তু আমি এটি শেষ করতে চাই। ইরান…পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না।’’

ট্রাম্প এবং অন্যান্য শীর্ষ মার্কিন কর্মকর্তাদের বারবার দাবি সত্ত্বেও ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার কথা অস্বীকার করে আসছে।

ইরানের বিশাল তেল সম্পদের দখল নেওয়ার বিষয়ে ট্রাম্প বলেছেন, ‘‘এটি দখল করার মতোই অবস্থায় আছে। এ বিষয়ে তাদের কিছুই করার নেই।’’

তিনি বলেন, ‘‘দুর্ভাগ্যবশত, আমেরিকার মানুষ চায় আমরা দেশে ফিরে আসি। এটি আমার ওপর নির্ভর করলে আমি তেল নিয়ে নিতাম। আমি তেল নিজের কাছে রাখতাম। আমি প্রচুর অর্থ উপার্জন করতাম।’’

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে ‘ধ্বংস’ করে দিচ্ছে। সাংবাদিকদের তিনি বলেন, ‘‘আমি এটি করতে চাই না। কিন্তু আমরা দেশটিকে ধ্বংস করে দিচ্ছি।’’

তিনি বলেন, ‘‘তাদের কোনো সেতু থাকবে না, কোনো বিদ্যুৎ কেন্দ্র থাকবে না। তাদের কিছুই থাকবে না। আমি এর চেয়ে বেশি কিছু বলব না। কারণ এর চেয়েও খারাপ কিছু বিষয় রয়েছে।’’

আন্তর্জাতিক আইন অনুযায়ী, বেসামরিক অবকাঠামোতে হামলা চালানো যুদ্ধাপরাধ।

পূর্ববর্তী নিবন্ধসশস্ত্র বাহিনী বিভাগেরও দায়িত্বে প্রধানমন্ত্রীর উপদেষ্টা শামছুল ইসলাম
পরবর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক- এ মাসব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহক সম্পৃক্তি ক্যাম্পেইন-এর উদ্বোধন