লারিজানির হত্যায় ‘টলবে না’ ইরানের রাজনৈতিক কাঠামো: পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানি নিহত হলেও এতে দেশটির রাজনৈতিক নেতৃত্বে কোনো বড় ধরনের অস্থিরতা তৈরি হবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

বুধবার (১৮ মার্চ) তেহরান কর্তৃপক্ষ লারিজানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পর আল জাজিরার সম্প্রচার সংস্করণে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনো বুঝতে পারেনি যে ইরানের সরকার কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয়।

আরাঘচি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান একটি শক্তিশালী রাজনৈতিক কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে, যেখানে প্রতিষ্ঠিত রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান রয়েছে। একজন ব্যক্তির উপস্থিতি বা অনুপস্থিতি এই কাঠামোকে প্রভাবিত করে না।

অবশ্যই ব্যক্তি গুরুত্বপূর্ণ; কেউ বেশি, কেউ কম ভূমিকা রাখেন। কিন্তু মূল বিষয় হলো, ইরানের রাজনৈতিক ব্যবস্থা অত্যন্ত দৃঢ়।
এ সময় তিনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার প্রথম দিনেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আশি খামেনির নিহত হওয়ার ঘটনাও উল্লেখ করেন। তিনি বলেন, এত বড় জাতীয় ক্ষতির পরও রাষ্ট্রীয় কাঠামো কার্যক্রম চলছে এবং দ্রুতই বিকল্প নেতৃত্ব নিশ্চিত করেছে।

নেতার চেয়ে গুরুত্বপূর্ণ আর কেউ ছিল না। তবুও তাকে হারানোর পরও ব্যবস্থা চলমান রয়েছে। ভবিষ্যতেও কেউ শহীদ হলে একইভাবে ব্যবস্থা চলবে।
তিনি আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রীও যদি শহীদ হন, শেষ পর্যন্ত কেউ না কেউ সেই দায়িত্ব গ্রহণ করবে।

৬৭ বছর বয়সী লারিজানি ছিলেন নিহত খামেনির ঘনিষ্ঠ এবং তার উত্তরসূরি হিসেবে বিবেচিত মোজতবা খামেনির সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। গত সোমবার রাতে হামলায় তার মৃত্যু ঘটে, যা যুদ্ধ শুরুর ১৯ দিনের মধ্যে তেহরানের নেতৃত্বে সবচেয়ে উচ্চপর্যায়ের ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার নিশ্চিত করেছে, একই হামলায় দেশটির বাসিজ বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলামরেজা সোলাইমানিও নিহত হয়েছেন। বাসিজ বাহিনী মূলত আইআরজিসির অধীন একটি আধাসামরিক ইউনিট, যা গত ছয় বছর ধরে দেশের অন্যতম শক্তিশালী অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী হিসেবে কাজ করছে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে সোলাইমানি গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ বিষয়ে আল জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিপক্ষদের টার্গেট করে হত্যার কৌশল অনুসরণ করে আসছে, যা প্রচলিত যুদ্ধনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যুদ্ধে সাধারণত শুরুতেই রাজনৈতিক নেতাদের হত্যা করা হয় না, এমনকি নির্বাচিত নেতাদেরও নয়। এই ধরনের হত্যাকাণ্ড গ্যাংস্টার পদ্ধতির মতো; এটি সন্ত্রাসবাদ, এটি যুদ্ধের স্বাভাবিক রীতি নয়।

তবে তিনি স্বীকার করেন, ইরানের রাজনৈতিক কাঠামো শক্তিশালী হওয়ায় একজন নেতার মৃত্যুতে তা ভেঙে পড়বে না। যদিও ধারাবাহিকভাবে এমন হামলা হলে তা ধীরে ধীরে প্রভাব ফেলতে পারে।

সাক্ষাৎকারে আরাঘচি আবারও বলেন, চলমান সংঘাত ইরানের পছন্দে শুরু হয়নি এবং এর দায় শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।

তিনি বলেন, এই যুদ্ধ আমাদের যুদ্ধ নয়। আমরা এটি শুরু করিনি। যুক্তরাষ্ট্রই এই যুদ্ধ শুরু করেছে এবং এর মানবিক ও আর্থিক; সব ধরনের পরিণতির জন্য দায়ী, তা ইরান, অঞ্চল বা পুরো বিশ্বের ক্ষেত্রেই হোক। যুক্তরাষ্ট্রকে অবশ্যই জবাবদিহির মুখোমুখি হতে হবে।

পূর্ববর্তী নিবন্ধআইজিপির বাসায় চুরির খবর সত্য নয়: পুলিশ সুপার
পরবর্তী নিবন্ধযমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী