নুর উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং বিএনপি কেন্দ্রীয় সহ–সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, ছাতক – দোয়ারা বাজার অঞ্চলের মানুষ বহুদিন ধরে দুর্নীতি, চাঁদাবাজি, প্রশাসনিক অনিয়ম – দূর্ণীতি, মাদক, সন্ত্রাসীদের কারণে অতিষ্ঠ এলাকার মানুষ। এই অঞ্চলকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও দুর্নীতিমুক্ত এলাকায় পরিণত করতেই আমাকে এলাকার জনগণ ভোট দিয়ে সংসদ সদস্য বানিয়েছেন। আমি জনগনের আশা পূর্ণ করবো। বুধবার (৪ মার্চ) ছাতক উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশাসন, জনপ্রতিনিধি, সেবা দপ্তরের সমন্বিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা এবং সঞ্চালনা করেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রইছ উদ্দিন। কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, কে কোন দলের, কোন পরিচয়ের এসব বিবেচ্য নয়। আমি চাই স্বচ্ছ প্রশাসন, সেবা বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। কেউ যদি ফ্যামিলি কার্ড, সরকারি অনুদান, কৃষি সুবিধা, সামাজিক সুরক্ষা বা যেকোনো সরকারি সেবায় দুর্নীতি বা প্রলোভনের চেষ্টা করে, সঙ্গে সঙ্গে আমাকে বা প্রশাসনকে জানাবেন। কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিলন জানান, ছাতক–দোয়ারাবাজারের বহু পরিবার এখনো ফ্যামিলি কার্ডের বাইরে রয়েছে। দ্রুত যাচাই–বাছাই করে নতুন তালিকা প্রণয়নে তিনি প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান। একইসঙ্গে ইমাম–মোয়াজ্জিনদের সম্মানী ভাতা এবং সংখ্যালঘু ধর্মীয় প্রতিনিধিদের জন্য বিশেষ ভাতা চালু নিয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, সুনামগঞ্জ–৫–কে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করে একটি আধুনিক, নিরাপদ, সেবামুখী এবং শান্তিপূর্ণ এলাকায় রূপান্তর করাই আমার প্রধান অঙ্গীকার। জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। ক্ষুদ্র কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্তের কথা জানিয়ে মিলন বলেন, দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ (সুদসহ) মওকুফ করার ঘোষণা দিয়েছে। যা প্রায় ১২ লাখ কৃষককে মোট ১,৫৫০ কোটি টাকার বোঝা থেকে মুক্তি দিয়েছে।কৃষকের মুখে আবার স্বস্তির হাসি ফুটছে। এলাকায় কৃষি উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা চলমান থাকবে বলে তিনি জানান। সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, এলাকার কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, সড়ক-নৌপথ যোগাযোগ, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও গতিশীল করতে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। মাদকবিরোধী অভিযানের ওপর জোর দেওয়ার জন্য প্রস্তাব উত্থাপন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, সীমান্তবর্তী এলাকা হওয়ায় দোয়ারা বাজার–ছাতক দিয়ে ছোট বড় মাদকের চালান বিভিন্ন পথে প্রবেশের চেষ্টা চলে। এলাকায় জনসচেতনতার পাশাপাশি রাজনৈতিক নেতৃত্বের দৃঢ় অবস্থান অপরিহার্য। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার–পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ মুরসালিন, কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হানিফ উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মিলন মিয়া, ওসি মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা শাহ মেহাম্মদ শফিউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আহমেদ, সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম। তাঁরা সবাই স্থানীয় উন্নয়ন, সেবা সহজীকরণ, দুর্নীতি প্রতিরোধ, সড়ক–নৌপথের নিরাপত্তা, শিক্ষার মান উন্নয়ন, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অধিক সুবিধা নিশ্চিতকরণসহ বহু বিষয় উপস্থাপন করেন। সভায় বক্তব্য রাখেন, ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, নোয়ারাই ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ানা পীর আবদুল খালিক রাজা, দোলার বাজার ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান সুফি আলমসহ উপজেলার জনপ্রতিনিধিরা। তাঁরা বলেন, সুনামগঞ্জ–৫ এলাকা দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত ছিল। সাংসদের গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে এলাকায় উন্নয়নের নতুন অধ্যায় সূচিত হবে। এছাড়া উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, ফারুক আহমদ, নজরুল ইসলাম, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, পৌর বিএনপির আহবায়ক সামছুর রহমান সামছু, যুগ্ম আহবায়ক সামছুল রহমান বাবুলসহ দলীয় নেতৃবৃন্দ। সভা শেষে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সরকারি চাল বিতরণ এবং কৃষকদের হাতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র তুলে দেন সাংসদ মিলন।


