নিউজ ডেস্ক
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সফরের প্রথম ধাপে তিনি ভারতের সঙ্গে বাণিজ্য বাড়ানো এবং টানাপোড়েনপূর্ণ সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করবেন।
২০২৩ সালে কানাডায় এক শিখ নেতার হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তোলে অটোয়া—যা নয়াদিল্লি জোরালোভাবে অস্বীকার করে। এ ঘটনার পর দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে।
কার্নি প্রথমে ভারতের আর্থিক কেন্দ্র মুম্বাই সফর করবেন, এরপর নয়াদিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন।
দুই দেশই বর্তমানে বৈশ্বিক বাণিজ্য নীতির দ্রুত পরিবর্তন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিজনিত অনিশ্চয়তার মুখে রয়েছে। ফলে অর্থনৈতিক অংশীদারত্ব বৈচিত্র্যময় করার প্রয়োজনীয়তা বেড়েছে।
কার্নির কার্যালয় জানিয়েছে, আলোচনায় বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), দক্ষ জনশক্তি, সংস্কৃতি ও প্রতিরক্ষা খাতে নতুন অংশীদারত্বের বিষয় গুরুত্ব পাবে।
বিশ্বের দ্রুত বর্ধনশীল বড় অর্থনীতিগুলোর একটি ভারত কানাডার সপ্তম বৃহত্তম পণ্য ও সেবা বাণিজ্য অংশীদার। দুই দেশের বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ২১ বিলিয়ন ডলারের বেশি।
গত বছর দুই দেশ একটি প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা পুনরায় শুরুর বিষয়ে সম্মত হয়, যার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা।
ভারতে বর্তমানে ৬০০-র বেশি কানাডীয় কোম্পানি কার্যক্রম চালাচ্ছে—তথ্যপ্রযুক্তি, ব্যাংকিং, স্বাস্থ্যবিজ্ঞান ও আর্থিক সেবাখাতে।
ভারত থেকে কানাডায় প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে ওষুধ, রত্ন ও গহনা, মূল্যবান পাথর এবং সামুদ্রিক পণ্য।
নয়াদিল্লির তথ্য অনুযায়ী, কানাডার পেনশন ও সম্পদ তহবিলগুলো এরই মধ্যে ভারতে প্রায় ৭৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে ভারত প্রতিরক্ষা, জ্বালানি ও বীমা খাতসহ কিছু সংবেদনশীল খাতে নিয়ম শিথিল করেছে।


