নুর উদ্দিন, সুনামগঞ্জ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাসের প্রথমবারের মতো সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনের সবকটিতে জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অতীতের কোনো জাতীয় নির্বাচনে জেলার সব আসনে এককভাবে জয় পায়নি দলটি। এবারের নির্বাচনে প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বীদের বিপুল ভোটে পরাজিত করে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় দলটির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল ১ লাখ ৬১ হাজার ৭৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী তোফায়েল আহমদ খানের চেয়ে ৬৮ হাজার ৮০৮ ভোট বেশি পান। সুনামগঞ্জ-২ আসনে বিএনপির প্রবীণ রাজনীতিবিদ নাছির উদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীকে ৯৯ হাজার ৫২২ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিশির মনিরকে ৩৬ হাজার ৩০২ ভোটের ব্যবধানে পরাজিত করেন। সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী কয়ছর এম আহমেদ ৯৭ হাজার ৩১৩ ভোট পেয়ে জয়লাভ করেন।
তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার আনোয়ার হোসেনের চেয়ে ৫৫ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিত করেন। সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী নূরুল ইসলাম নূরুল ৯৮ হাজার ৯২ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি জামায়াত প্রার্থীর চেয়ে ২২ হাজার ২৫৭ ভোট বেশি পান। সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন ১ লাখ ৫১ হাজার ৯১৫ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর জামায়াতের প্রার্থীর চেয়ে প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন। অতীতের নির্বাচন ও বিএনপির অবস্থান ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, বিএনপি প্রতিষ্ঠার পর ১৯৭৯ সালের নির্বাচনে প্রথমবার অংশ নিয়ে সুনামগঞ্জের তিনটি আসনে জয়লাভ করে।
সেবার সুনামগঞ্জ-১ আসনে সৈয়দ রফিকুল হক, সুনামগঞ্জ-৩ আসনে শামসুল আবেদীন এবং সুনামগঞ্জ-৪ আসনে মেজর ইকবাল সংসদ সদস্য নির্বাচিত হন। সুনামগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের সুরঞ্জিত সেন বিজয়ী ঘোষিত হলে বিএনপি প্রার্থী গোলাম জিলানী আদালতে মামলা করেন এবং ১৯৮২ সালে আদালতের রায়ে সংসদ সদস্য পদ ফিরে পান। তবে সামরিক আইন জারির কারণে অল্প সময়ের মধ্যেই তিনি পদ হারান। ১৯৯৬ সালের নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির ফজলুল হক আছপিয়া একমাত্র সংসদ সদস্য নির্বাচিত হন।
পরে ২০০১ সালের নির্বাচনে সরকার গঠন করলেও সুনামগঞ্জের পাঁচ আসনের মধ্যে তিনটিতে জয় পায় বিএনপি। ওই নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে নজির হোসেন, সুনামগঞ্জ-৪ আসনে ফজলুল হক আছপিয়া এবং সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন আহমেদ মিলন সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করলেও কোনো আসনে জয় পায়নি দলটি। জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য নাদীর আহমেদ বলেন, এই নির্বাচন বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
জনগণের ব্যাপক সমর্থনের মাধ্যমে বিএনপি দেশের মানুষের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের সব আসনে জয়লাভ করা আমাদের জন্য গর্বের বিষয়। জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আবুল হক বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে বিএনপির বিজয়ের ধারা সৃষ্টি হয়েছে। সুনামগঞ্জে সব আসনে জয়লাভ প্রমাণ করে বিএনপি জনগণের আস্থার দল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যোগ্য প্রার্থী মনোনয়ন, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং সাধারণ ভোটারদের আস্থা অর্জনের কারণেই সুনামগঞ্জে বিএনপির এ ঐতিহাসিক বিজয় সম্ভব হয়েছে।


