নিজস্ব প্রতিবেদক
জুলাই সনদ বাস্তবায়নে সব রাজনৈতিক দল অঙ্গীকারবদ্ধ। তাদের পরিষ্কার করতে হবে তারা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে নাকি ‘না’ ভোটের পক্ষে। অর্থাৎ সংস্কারের পক্ষে নাকি বিপক্ষে।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘গণভোট ২০২৬: কী ও কেন?’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সুজনের পক্ষ থেকে এমনটি জানানো হয়। গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সুজনের সহ সভাপতি ও সাবেক বিচারপতি আব্দুল মতিন। প্রধান অতিথি ছিলেন শ্রম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন।
গোলটেবিল বৈঠকের শুরুতে ‘গণভোট ২০২৬: কী ও কেন?’ শীর্ষক একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। উপস্থাপনের শুরুতেই তিনি গণভোটের প্রেক্ষাপট উপস্থাপন করেন।
এরপর গণভোট আসলে কী, সেই বিষয়ে ধারণা দেন। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট কেন প্রয়োজন সে বিষয়ে তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ দীর্ঘ আলোচনার পরিপ্রেক্ষিতে প্রণীত একটি রাজনৈতিক সমঝোতার দলিল, যাতে দেশে বিদ্যমান সক্রিয় প্রায় সব দল সই করেছে। যেহেতু সংবিধান হলো ‘উইল অব দ্য পিপল’ বা জনগণের চরম অভিপ্রায়ের অভিব্যক্তি, তাই জুলাই সনদে অন্তর্ভুক্ত প্রস্তাবগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করতে জনগণের সম্মতি বা গণভোট আয়োজন করা প্রয়োজন। এটাই গণভোট।
এরপর তিনি গণভোটের সঙ্গে সম্পর্কিত সব গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। ‘হ্যাঁ’ ও ‘না’ ভোট বিষয়ে ৪টি প্রশ্নের ব্যাপারে বিস্তারিত ধারণা প্রদান করেন এবং জুলাই জাতীয় সনদ ২০২৫ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বদিউল আলম দেখান, গণভোটের ১নং প্রশ্নে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশনে নিয়োগ, ন্যায়পাল নিয়োগ, সরকারি কর্মকমিশনে নিয়োগসহ ৬ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। ২নং প্রশ্নে আইনসভা গঠন, উচ্চকক্ষ গঠনসহ ৪টি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। ৩নং প্রশ্নে রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রীর পদের মেয়াদসহ ৩০টি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে বলে জানান তিনি। এছাড়াও ৪নং প্রশ্নে ভাষা, নাগরিকদের পরিচয়, সংবিধান সংশোধনসহ ৮টি বিষয়ে আলোচনা করেন তিনি।


