নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ শাসনামলে শতাধিক গুম-খুনের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন।
রোববার (৪ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আবেদন করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
প্যানেলের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
শুনানিতে জিয়াউলের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। এসব অভিযোগে ১০৩ জনকে গুম-খুনের বীভৎস বর্ণনা তুলে ধরেন তিনি। এ সংক্রান্ত ভিডিও রয়েছে বলেও জানানো হয়। একপর্যায়ে মামলার একমাত্র আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আবেদন করেন তাজুল ইসলাম। তার সঙ্গে প্রসিকিউটর শাইখ মাহদী ও সহিদুল ইসলাম সরদার শুনানিতে অংশ নেন।


