বিশ্বে উন্নয়ন কৌশলের কেন্দ্রে কর্মসংস্থানকে স্থান দেওয়ার আহ্বান

নিউজ ডেস্ক

বিশ্বব্যাপী উন্নয়ন কৌশলের কেন্দ্রে কর্মসংস্থানকে স্থান দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।

শুক্রবার (১৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের ২০২৫ সালের বার্ষিক সভার পূর্ণাঙ্গ অধিবেশনে তিনি এই আহ্বান জানান।

অজয় বাঙ্গা বলেন, পৃথিবী এখন এক ঐতিহাসিক জনসংখ্যা পরিবর্তনের যুগে প্রবেশ করেছে—যা সঠিকভাবে কাজে লাগাতে পারলে বৈশ্বিক প্রবৃদ্ধির ইঞ্জিন হবে, আর অবহেলায় তা পরিণত হবে বেকারত্ব, অস্থিরতা ও অভিবাসনের সংকটে।

তিনি জোর দিয়ে বলেন, টেকসই উন্নয়নের কেন্দ্রবিন্দুতে চাকরি সৃষ্টি করাকে রাখতে হবে।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলেন, ২০৫০ সালের মধ্যে বিশ্বের ৮৫ শতাংশেরও বেশি মানুষ আজকের তথাকথিত উন্নয়নশীল দেশগুলোতে বসবাস করবে। আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে প্রায় ১২০ কোটি তরুণ শ্রমবাজারে প্রবেশ করবে, অথচ নতুন চাকরি তৈরি হবে মাত্র ৪০ কোটি। আগামী এক দশকে প্রতি সেকেন্ডে চারজন তরুণ কর্মক্ষেত্রে প্রবেশ করবে। এটি এক জরুরি ও নির্ধারণকারী সময়।

‘আফ্রিকায় এই জনসংখ্যা বৃদ্ধি সবচেয়ে দ্রুত হবে। জাম্বিয়া প্রতিবছর যোগ করবে সাত লাখ মানুষ, মোজাম্বিকের জনসংখ্যা দ্বিগুণ হবে, আর নাইজেরিয়ার জনসংখ্যা বাড়বে প্রায় ১৩ কোটি—যা দেশটিকে বিশ্বের অন্যতম জনবহুল দেশে পরিণত করবে।’

অজয় বাঙ্গা সতর্ক করেন, যদি উদ্দেশ্যপূর্ণ পদক্ষেপ না নেওয়া হয়, এই তরুণদের আশা হতাশায় পরিণত হতে পারে, যা অস্থিতিশীলতা ও অভিবাসন বাড়াবে।

‘আমাদের লক্ষ্য হলো চাকরি। প্রায় ৯০ শতাংশ চাকরি আসে বেসরকারি খাত থেকে, তবে এর ভিত্তি তৈরি করে সরকারি বিনিয়োগ ও সুশাসন।’

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট তিনটি স্তম্ভভিত্তিক কৌশল তুলে ধরেন—মানবসম্পদ ও অবকাঠামো উন্নয়নে সরকারি বিনিয়োগ, ন্যায্য ও পূর্বানুমানযোগ্য অর্থনৈতিক নীতি এবং বেসরকারি খাতে বিনিয়োগ ও নিশ্চয়তা বৃদ্ধির উদ্যোগ।

তিনি আরও জানান, বিশ্বব্যাংক এরই মধ্যে প্রকল্প অনুমোদনের সময় ১৯ মাস থেকে কমিয়ে ১২ মাসে এনেছে। ১০০ বিলিয়ন ডলার অতিরিক্ত অর্থায়নের সক্ষমতা অর্জন করেছে এবং ২৩ বিলিয়ন ডলারের যৌথ অর্থায়ন প্রকল্প চালু করেছে। মোট বার্ষিক অর্থায়ন বেড়ে দাঁড়িয়েছে ১১৯ বিলিয়ন ডলার, আর বেসরকারি মূলধন সংগ্রহ পৌঁছেছে ৬৭ বিলিয়নে।

২০২৪ সাল থেকে বিশ্বব্যাংকের প্রকল্পের মাধ্যমে ৬ কোটি মানুষ বিদ্যুৎ সংযোগ পেয়েছে, ৭ কোটি মানুষ শিক্ষা ও দক্ষতা অর্জন করেছে এবং ৩০ কোটি মানুষ উন্নত স্বাস্থ্য ও পুষ্টিসেবা পেয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতথাকথিত রাজনৈতিক দল নিয়ে জুলাই সনদে সই ছাত্র-জনতার সঙ্গে প্রতারণা
পরবর্তী নিবন্ধআজও ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’