নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিন সংহতি অভিযানে যোগ দিয়ে ইসরায়েল কর্তৃপক্ষের হাতে আটক হওয়ার পর মুক্তি পাওয়া বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম শনিবার (১১ অক্টোবর) ভোরে দেশে ফিরছেন।
শহিদুল আলম এদিন ভোর ৪টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার শুক্রবার (১০ অক্টোবর) রাতে এ তথ্য জানান।
আবুল কালাম বলেন, শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে শহিদুল আলম টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ইসরায়েল থেকে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। যেখানে তাকে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান স্বাগত জানান।
তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুর রহমান জানিয়েছেন, শহিদুল আলমের ঢাকাগামী ফ্লাইটটি শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইস্তাম্বুল থেকে ছাড়ার কথা রয়েছে।
শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।
ইসরায়েল কর্তৃপক্ষ শহিদুল আলমকে আটক করার পরপরই জর্ডান, মিসর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তার মুক্তির জন্য তাৎক্ষণিক কূটনৈতিক পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছিল।
গাজায় ইসরায়েলের আরোপ করা অবরোধ ভাঙতে সমুদ্রপথে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ মিডিয়া ফ্লোটিলা’য় অংশ নেন শহিদুল আলম। তিনি ‘কনশান্স’ নামের এক জাহাজে ছিলেন। জাহাজ থেকে তিনি ২ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, ‘আমরা অবরোধ ভাঙবো। আপনাদের উপস্থিতি ও সংহতির মূল্য হয়তো আপনারা নিজেরাও পুরোটা উপলব্ধি করতে পারছেন না। ফিলিস্তিন অবশ্যই মুক্ত হবে।’
শহিদুল আলমের এ সাহসী উদ্যোগের জন্য অনেকে অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৪ অক্টোবর এক বিবৃতিতে বলেন, ‘শহিদুল আলম এই অভিযানে অংশ নিয়েছেন একই সাহস, দৃঢ়তা ও অবিচল মানসিকতা নিয়ে- যে মানসিকতা তিনি ২০১৮ সালে শেখ হাসিনা সরকারের সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অপরাধে ১০৭ দিন কারাভোগের মধ্যেও দেখিয়েছিলেন। তিনি আজ বাংলাদেশের অদম্য চেতনার এক উজ্জ্বল প্রতীক।’


