সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ উপকূল অতিক্রম করে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এ অবস্থায় দেশের সব সমুদ্রবন্দরে সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস।

শনিবার (২৭ সেপ্টেম্বর) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, দক্ষিণ উড়িষ্যা-উত্তর অস্ত্রপ্রদেশ উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার সকাল ৬টায় দক্ষিণ উড়িষ্যা-উত্তর অস্ত্রপ্রদেশ উপকূল অতিক্রম সম্পন্ন করে বর্তমানে স্থল নিম্নচাপ আকারে দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটঙ্গীতে অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নাঈম মারা গেছেন
পরবর্তী নিবন্ধ২৮৫৭ পূজামণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি মোতায়েন