আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মাঝে টানা ১১তম দিনের মতো হামলা-পাল্টা হামলা চলছে। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ১৩ জুন ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি করেছে। আঞ্চলিক এই সংঘাতে বিশ্বের পরাশক্তি দেশগুলোও জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইরান-ইসরায়েলের চলমান এই সংঘাতের প্রতি মুহূর্তের লাইভ আপডেট জানতে ঢাকা পোস্টের সঙ্গে থাকুন।
ইরানের দিক থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু হয়েছে বলে ইসরায়েল জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দেশটির জনগণকে সতর্ক সংকেত পেলেই আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে এবং বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করছে।
এদিকে ইরানের এই হামলার জেরে সাইরেন বাজছে ইসরায়েলের বহু এলাকায়। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর উত্তর ও দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, উত্তরের পাশাপাশি দক্ষিণ ইসরায়েলেও সতর্ক সংকেত বেজেছে। মূলত ইরানি আক্রমণ শনাক্ত করার সাথে সাথে ইসরায়েলের বেশিরভাগ এলাকায় আগাম এই সতর্কতা জারি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।


