বাংলাদেশের প্রতি ফিলিস্তিনের কৃতজ্ঞতা

নিউজ ডেস্ক:

সংহতি ও ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে থাকার জন্য বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ড. রিয়াদ মালকি। সম্প্রতি বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে পাঠা‌নো শুভেচ্ছা বার্তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী।

রোববার (২ এপ্রিল) রা‌তে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠা‌নো এক বিজ্ঞপ্তিতে জানা‌নো হয় শুভেচ্ছা বার্তায় মালকি উল্লেখ করেন, আমাদের দুদেশের এবং জনগণের মধ্যে বিদ্যমান ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বন্ধন অত্যন্ত দৃঢ় ও দীর্ঘস্থায়ী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি দৃঢ়ভাবে আস্থাশীল, আগামী বছরগুলোতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ও সকল পর্যায়ের সহযোগিতা আরও বৃদ্ধির ক্ষেত্রে যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এছাড়া ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি এবং সবসময় তাদের ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে থাকার জন্য বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান রিয়াদ মালকি।

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সুস্বাস্থ্য এবং বন্ধুপ্রতিম বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

 

পূর্ববর্তী নিবন্ধঘূর্ণিঝড় আঘাত হানতে পারে এপ্রিলে
পরবর্তী নিবন্ধতেলের উৎপাদন কমানোর ঘোষণা ওপেকের, বাড়ছে দাম